১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পলিশবিহীন চাল বাজারজাত করতে মিলারদের উদ্বুদ্ধ করা হচ্ছে: খাদ্যমন্ত্রী

“সরকারি খাদ্য গুদামে ধান দিতে গিয়ে কৃষক বা মিল মালিক কেউ যেন হয়রানি না হয় সেটা নিশ্চিত করা হবে।”

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2025, 06:52 PM

Updated : 10 Sep 2026, 12:04 PM

পলিশবিহীন চাল বাজারজাত করতে মিলারদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন।

সাধন চন্দ্র বলেন, “চাল সরু ও চকচকে করতে পুষ্টির অংশ ছাঁটাই করে ফেলা হয়। এতে চাল চকচকে হলেও কার্বোহাইড্রেট ছাড়া কিছুই থাকে না। এ ছাড়া পরিমাণেও চাল কমে যায়।”

“আগামী আমন মৌসুম থেকে পলিশবিহীন চাল বাজারজাত করতে মিলারদের উদ্বুদ্ধ করা হচ্ছে। বাজারে পলিশবিহীন চাল থাকলে ভোক্তারা সেদিকে আকৃষ্ট হবেই।”

বৃহস্পতিবার সকালে নওগাঁ সার্কিট হাউস সম্মেলন কক্ষে বোরো সংগ্রহ অভিযান-২০২৪ সফল করার লক্ষ্যে নওগাঁ খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। 

বস্তায় ধানের দাম ও জাত লেখার প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “এরই মধ্য কাজ শুরু হয়েছে; বাজারে বস্তার গায়ে দাম ও জাত লেখা আসতে শুরু করেছে। মিল মালিকদের কাছে ধানের জাতের নমুনাসহ নাম ও উৎপাদিত চাল কেমন হবে, তার নমুনা পাঠানো হয়েছে।

“মিল গেইটে চালের দাম বস্তায় লেখা থাকলে খুচরা ব্যবসায়ীরা দাম বাড়ানোর বিষয়ে মিল মালিকদের দোষারোপ করতে পারবেন না।“

মন্ত্রী বলেন, “সরকারি খাদ্য গুদামে ধান দিতে গিয়ে কৃষক বা মিল মালিক কেউ যেন হয়রানির শিকার না হয় সেটা নিশ্চিত করা হবে। হয়রানির অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” 

ধান সংগ্রহ অভিযান সফল হবে কি-না এমন প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, “যে সব কারণে ধান সংগ্রহ অভিযান সফল হয় না সেগুলোকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করা যায় এ বছর চালের মতো ধান সংগ্রহ অভিযানও সফল হবে। 

“বিগত বছর আমাদের দেশে চাল আমদানি করা হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপে কৃষিতে উৎপাদন বেড়েছে অনেক গুণ। এ বছরও বোরোর বাম্পার ফলন হয়েছে”, যোগ করেন তিনি ।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. গোলাম মওলা, পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক, রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলাম খান, কৃষি বিভাগের উপ-পরিচালক মো. আবুল কালাম আজাদ, নওগাঁ অটো রাইস মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম বাবু, জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বক্তব্য দেন।