২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ‘ভুয়া চিকিৎসক’ আটক, জরিমানা দিয়ে মুক্ত

আটক ব্যক্তি ৪০ হাজার টাকা জরিমানা দিয়ে মুক্তি পেয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2024, 10:17 PM

Updated : 26 Aug 2026, 10:37 AM

বরিশালের বানারীপাড়া উপজেলায় অস্ত্রোপচারের সময় এক ‘ভুয়া চিকিৎসক’কে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে ৪০ হাজার টাকা জরিমানা দিয়ে মুক্ত হন তিনি।

সোমবার পৌর শহরের ‘জননী অপটিকসের’ পেছনে নিজ চেম্বার থেকে তাকে আটক করা হয় বলে জানান বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন্তরা হালদার। 

দণ্ড পাওয়া মো. কুতুবউদ্দিন নড়াইল সদর উপজেলার কৃষ্ণপুর এলাকায় রুহুল আমিনের ছেলে। তিনি পৌর শহরে চেম্বারে দিয়ে অর্শ ও পাইলসের চিকিৎসা করতেন।

কুতুবুদ্দিন দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে পাশের পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় স্থায়ীভাবে বসবাস করছেন।

ইউএনও অন্তরা হালদার বলেন, গোপন খবর পেয়ে সকালে পুলিশের সহযোগিতায় ওই চেম্বারে অভিযান চালিয়ে অস্ত্রোপচারের সময় কুতুবুদ্দিনকে আটক করা হয়। এ সময় তিনি চিকিৎসকের কোনো সনদ দেখাতে পারেননি।

ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কুতুবুদ্দিনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে জানান তিনি।

পলে কুতুবুদ্দিন জরিমানার টাকা পরিশোধের পাশাপাশি ভবিষ্যতে বানারীপাড়া উপজেলায় কোনো চিকিৎসা সেবা না দেওয়ার মুচলেকা দেন বলে জানান ইউএনও অন্তরা হালদার।