২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমি অফিসের নিজ কক্ষে ঝুলছিল জরিপকারকের লাশ

নৈশপ্রহরী বলেন, রাতে তাকে হোটেল থেকে খাবার নিয়ে আসার জন্য পাঠান জরিপকারক জসিম। এসে তিনি লাশ ঝুলতে দেখেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2024, 01:13 AM

Updated : 26 Aug 2026, 10:36 AM

বরিশালের বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসের নিজ কক্ষ থেকে জরিপকারকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার রাত সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে বাবুগঞ্জ থানার পরিদর্শক পলাশ চন্দ্র জানান। 

নিহত মো. জসিমউদ্দিন খান (৫০) পটুয়াখালীর বাউফল নুরাইনপুর গ্রামের বাসিন্দা। 

তিনি চাকরির সুবাদে বরিশাল নগরীতে থাকতেন। 

থানার পরিদর্শক পলাশ চন্দ্র বলেন, ভূমি অফিসের তিন তলায় নিজ কক্ষের ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।  

ওই ভূমি অফিসের নৈশপ্রহরী নিখিল বলেন, সন্ধ্যা সাতটার দিকে তাকে হোটেল থেকে রাতের খাবার আনার জন্য পাঠান জরিপকারক জসিমউদ্দিন। খাবার নিয়ে এসে তিনি জসিমকে তার কক্ষে গলায় ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। পরে নিখিল ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান।

থানার পরিদর্শক পলাশ চন্দ্র বলেন, “এটি আত্মহত্যা না হত্যা তদন্ত না করে নিশ্চিত বলা যাবে না।”