হাম: কুমিল্লা মেডিকেলে ৩০ শয্যার বিপরীতে ৯২ শিশু, অভাব সরঞ্জামের
আইসোলেশন ইউনিটে তিনটি অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন রয়েছে। তবে সাকশন মেশিন নেই বলে জানিয়েছেন হাসপাতালের নার্সরা।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের জন্য আলাদা ভবনে হাম আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে।
৩০ শয্যার এই ইউনিটে বৃস্পতিবার রাত পর্যন্ত ৯২ শিশু ভর্তি রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের শিশু বিভাগের প্রধান মিয়া মনজুর আহমেদ।
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আসা শিশুদের সংখ্যা দিন দিন বাড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে জানান তিনি।
শয্যার তুলনায় প্রায় তিন গুণ বেশি রোগী থাকায় জায়গা না পেয়ে মেঝেতেই শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, নতুন ভবনে আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। কিন্তু সেখানে শয্যার চেয়ে অনেক বেশি রোগী ভর্তি। হাসপাতালের যা আছে, তা দিয়েই চিকিৎসক ও নার্সরা ২৪ ঘণ্টা সেবা দিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, সংকট থাকা সত্ত্বেও বেশিরভাগ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। প্রয়োজনীয় সরঞ্জাম বাড়ানো গেলে চিকিৎসা আরও ভালোভাবে দেওয়া সম্ভব হবে। এজন্য তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছেন।
হাসপাতালে দেখা যায়, করিডর ও খোলা জায়গায় চাটাই বিছিয়ে শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। লিফটের আশপাশেও রোগী রাখা হয়েছে। চিকিৎসকরা গাদাগাদি পরিবেশের মধ্যেই রোগীদের সেবা দিচ্ছেন।
মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে শিশুদের। এতে ভোগান্তিতে পড়েছেন তাদের মা-বাবা ও স্বজনেরা।
দেবিদ্বার উপজেলার গুনাইঘর থেকে আসা কুলসুম আক্তারের ৪৮ দিনের শিশু আরিশা হাম-উপসর্গ নিয়ে ভর্তি হয়। তিনি বলেন, “মেয়ের বাবা প্রবাসে থাকায় আমি একাই সব সামলাচ্ছি। মেয়ের শ্বাসকষ্ট হচ্ছে। হাসপাতালে যে অক্সিজেন দেওয়া হচ্ছে, সেটাও মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। আমি খুব চিন্তায় আছি।”
একই ওয়ার্ডে থাকা বুড়িচং উপজেলার জগতপুরের লাকি আক্তার বলেন, “শিশুর অক্সিজেন দরকার হওয়ায় ১০ হাজার টাকা দিয়ে সিলিন্ডার কিনে এনেছি। হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন নেই।”
আইসোলেশন ওয়ার্ডের দায়িত্বে থাকা শিশু বিভাগের প্রধান মিয়া মনজুর আহমেদ বলেন, হামে আক্রান্ত শিশুদের সাধারণ ওয়ার্ডে রাখা যায় না, এতে অন্য শিশুর সংক্রমণের ঝুঁকি থাকে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাও রয়েছে।
তিনি বলেন, তাই আক্রান্ত ও উপসর্গ থাকা শিশুদের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে শয্যাসংকটের কারণে অনেক শিশুকে মেঝেতেও সেবা দিতে হচ্ছে। সীমিত সুবিধার মধ্যেও সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কোনো অবহেলা করা হচ্ছে না। বর্তমানে ভর্তি থাকা বেশিরভাগ শিশুর অবস্থাই ভালো।।
ইউনিটে তিনটি অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন রয়েছে। তবে সাকশন মেশিন নেই বলে জানিয়েছেন আইসোলেশন ইনচার্জ নার্স মাকসুদা আক্তার।
তিনি বলেন, সংকটের কারণে চিকিৎসা দিতে তাদেরও বেগ পেতে হচ্ছে। হামের আইসোলেশন ইউনিটে শয্যা বাড়ানো দরকার, অক্সিজেন কনসেন্ট্রেশন ও সাকশন মেশিন খুব দরকার। দিন দিন রোগী বাড়ছে।
সদর দক্ষিণ উপজেলার জামাল হোসেন বলেন, “এখানে সিরিঞ্জ হতে অক্সিজেন সব কিছুই বাইরে থেকে কেনা লাগে। যদি সরকারি হাসপাতালে এসে সব কিনে আনতে হয় তাহলে আমদের মত মানুষের অনেক কষ্ট হবে। আমরা চাই, এই ইউনিটটা শিশুদের জন্য সরকার সব কিছুই ফ্রি করবে।”
তিনি বলেন, আলাদা ভবনে আইসোলেশন ইউনিট হওয়ায় কিছুটা হলেও আলো-বাতাস পাই। এই বিল্ডিংটা শিশুদের জন্যই আলাদা থাকুক। তবে সরঞ্জাম বাড়ানো দরকার।
চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত কুমিল্লায় হাম ও উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা এগারোশ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ৭৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়েছেন ৬১৮ জন এবং পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে।
