১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রীর মৃত্যু, ট্রেন আটকে অবরোধ

পুলিশ জানায়, বিচার দাবিতে শিক্ষার্থীরা প্রায় ২ ঘণ্টা রসুলপুর রেলওয়ে স্টেশনে অবস্থান করে।

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রীর মৃত্যু, ট্রেন আটকে অবরোধ
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় কাটা পড়ে স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ট্রেন আটকে অবরোধ করেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2024, 07:23 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় চট্টলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে; এ সময় মহানগর প্রভাতী ট্রেন আটকে অবরোধ করেছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা । 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার আমড়াতলি ইউনিয়নের রসুলপুর মাজার গেইট এলাকায় এ ঘটনা ঘটে বলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন জানান। 

নিহত মীম আক্তার রসুলপুর পূর্ব পাড়ার জাহাঙ্গীর আলমের মেয়ে। তিনি রসুলপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন। 

স্থানীয়দের বরাতে ওসি ফিরোজ বলেন, স্কুলে যাওয়ার সময় রসুলপুর মাজার গেইট দিয়ে রেল লাইন পার হচ্ছিল শিক্ষার্থী মীম। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ও কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস একসঙ্গে ক্রস করছিল। 

“ওই শিক্ষার্থী একপাশের ট্রেন দেখলেও অপর পাশের ট্রেন না দেখায় চট্টলা এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।”

তিনি বলেন, এ খবর পেয়ে স্কুলের অন্য শিক্ষার্থীরা এসে রসুলপুর রেলওয়ে স্টেশনে অবস্থান নেয়। এ সময় চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেন আটকে রাখে তারা। 

ফিরোজ বলেন, পুলিশ গিয়ে উত্তেজিত স্কুল শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে আনে। পরে মহানগর প্রভাতী ট্রেনটি ছেড়ে দেয় তারা। 

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

তবে বিচার দাবিতে শিক্ষার্থীরা প্রায় ২ ঘণ্টা রসুলপুর রেলওয়ে স্টেশনে অবস্থান করে বলে জানান ওসি।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন বলেন, স্কুলে আসার সময় চট্টলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নবম শ্রেণির শিক্ষার্থী মীমের মৃত্যু হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরে চট্টগ্রামের দিকে যাওয়া মহানগর প্রভাতী ট্রেনকে আটকে রেখে বিচার দাবি করে।