২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু

বরগুনায় এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৪৪ জন।

বরগুনায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু
ফাইল ছবি

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2025, 01:07 AM

Updated : 26 Aug 2026, 01:10 PM

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যুর তথ্য দিয়েছেন হাসপাতালের কর্মকর্তারা। 

দুজনের মধ্যে পৌরসভার থানাপাড়া এলাকার গোসাই দাস (৭০) মারা যান বুধবার সন্ধ্যা ৭টার দিকে; বরগুনা জেনারেল হাসপাতালে। আর বালিয়াতলী ইউনিয়নের চরপাড়া এলাকার বাসিন্দা চান মিয়া (৭৫) মারা যান এদিন দুপুরে। 

হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. রেজওয়ানুর আলম তাদের মৃত্যুর তথ্য দিয়েছেন।

তিনি বলেন, “হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। দুজনই বয়স্ক ছিলেন।”

চান মিয়াকে হাসপাতালে আনা হয় সোমবার। রক্ত পরীক্ষায় নিশ্চিত হওয়ার পর তাকে রাখা হয় ডেঙ্গু ওয়ার্ডে। 

চান মিয়ার মেয়ে কুলসুম বলেন, “তিন দিন আগে বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকের পরামর্শে দেওয়া হয় স্যালাইন ও ওষুধ। সকালে বাবার রক্ত পরীক্ষা করলে প্লাটিলেট কম পাওয়া যায়।”

গোসাই দাসকে হাসপাতালে আনা হয় রোববার। বুধবার সকালে প্লাটিলেট পরীক্ষার জন্য তাকে বেসরকারি একটি স্বাস্থ্যসেবাকেন্দ্রে নেওয়া হয়। 

গোসাই দাসের ছেলে সঞ্জয় চন্দ্র দাস বলেন, “দুপুর পর্যন্ত বাবার শারীরিক অবস্থা ভালো ছিল। ক্লিনিকে পরীক্ষা করিয়ে বাসায় গিয়ে খাবারও খেয়েছে। পরে হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।”

বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ বছর ১ হাজার ৫৪৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।