খাগড়াছড়িতে পাহাড় কাটার দায়ে দুজনকে ২ লাখ টাকা জরিমানা
পাহাড় কাটা মাটি পুনঃস্থাপনের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
খাগড়াছড়ি সদর উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই জনকে এক লাখ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকালে উপজেলার সবুজবাগ এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়।
জরিমানা পাওয়ারা হলেন- মো. আক্তার হোসেন এবং মো. সাহাব আলী। তারা সবুজবাগ এলাকার বাসিন্দা।
ইউএনও সুজন চন্দ্র রায় বলেন, অনুমোদনহীনভাবে ওই দুজন বেশ উঁচু একটি পাহাড় কেটে সমান করেন। ভারী বৃষ্টিতে পাহাড়টি ভেঙে পরার শঙ্কা রয়েছে।
অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা অনুযায়ী আক্তার হোসেন ও সাহাব আলীকে এক লাখ টাকা করে টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া পাহাড় কাটা মাটি পুনঃস্থাপনের নির্দেশ দেওয়া হয়।
পরে জরিমানা তাৎক্ষণিক পরিশোধ করা হলে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানান ইউএনও সুজন চন্দ্র রায়।
পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও।
