ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাহর পরিবারে নেই ঈদ আনন্দ
৫ অগাস্ট বংশাল থানার পাশে তাঁতী বাজার এলাকায় গুলিতে আহত হন আব্দুল্লাহ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত যশোরের শার্শা উপজেলার আব্দুল্লাহর পরিবারের সদস্যদের ঈদ কেটেছে বেদনার মধ্য দিয়ে। এমন খুশির দিনেও তারা শোক আর আব্দুল্লাহর স্মৃতিকে স্মরণ করেই দিনটি কাটিয়েছেন।
উপজেলার বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের বাড়িতে এই প্রথম আব্দুল্লাহকে ছাড়া রোজার ঈদ পার করেছেন পরিবারের সদস্যরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ২০২৪ সালে ৫ অগাস্ট বংশাল থানার পাশে তাঁতী বাজার এলাকায় দুপুর ২টার দিকে গুলিতে আহত হন আব্দুল্লাহ। গুলি তার মাথায় লাগে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিন মাস ১০ দিন চিকিৎসাধীন অবস্থায় ১৪ নভেম্বর ভোরে আব্দুল্লাহ মারা যান। তিনি পুরান ঢাকার শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
আব্দুল্লাহর বড় ভাই জাহাঙ্গীর আলম বলেন, “এবারই প্রথম ভাইকে ছাড়া ঈদ করছি। ভাই বাড়িতে আসত, আনন্দ-উল্লাসে দিন কাটত। কিন্তু এবারের দিন আমাদের দুঃখ-বেদনার, কান্নার। ছোট ভাই নানা-নানীর কবরের পাশে চিরনিন্দ্রায় শায়িত। ভাইয়ের কবর দেখলেই চোখে পানি চলে আসে।”
স্মৃতিচারণ করতে করতে কান্নায় ভেঙে পড়েন জাহাঙ্গীর। বলেন, “প্রতি বছর রমজানে কলেজ ছুটি হলে ভাই বাসায় চলে আসত। পরিবারের সবাই মিলে ইফতার করতাম।”
সকালে ঈদের নামাজের পর বাবা ও ভাইরা আব্দুল্লাহর কবর জিয়ারত করেন।
জাহাঙ্গীর বলেন, “চব্বিশের অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, সেসব ভাই যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন দেশবাসীর কাছে এই দোয়া কামনা করছি।”
আব্দুল্লাহর মেজো ভাই নুর আলম মিঠু বলেন, “ঈদের ছুটিতে আব্দুল্লাহ আমাদের একমাত্র বোনের বাসায় যেত। ভাগ্নি, ভাতিজাদের নিয়ে তার ভাল সময় কাটত। আব্দুল্লাহর ক্রিকেট খেলা ছিল খুব পছন্দের। ঈদের ছুটিতে আব্দুল্লাহ বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলত। কলেজ ছুটি থাকলেও সে লেখাপড়ায় সময় দিত।”
মিঠু বলেন, “সংসারে অভাব থাকায় শ্রমিকের কাজ করে বাবাই পড়াশুনার খরচ বহন করতেন। কিন্তু সেই টাকা দিয়ে আব্দুল্লাহ চলতে পারত না। সেজন্য সে কলেজের আশপাশে টিউশনি করত। টিউশনির টাকা কিছু বাঁচিয়ে ভাগ্নি-ভাতিজাদের ঈদের উপহার হিসেবে কাপড় কিনে আনত।”
আব্দুল্লাহর মা মাবিয়া খাতুন বলেন, “আব্দুল্লাহ ঈদের সময় গরুর মাংস ও খিচুড়ি খেতে পছন্দ করত। আমার হাতের রান্না তার অত্যন্ত পছন্দের ছিল। ঈদের সময় আব্দুল্লাহসহ তার ভাই-বোনদের নিয়ে আনন্দে সময় কাটত। আজ আমার বুকের ধন নেই। একজন মা বোঝে তার সন্তান হারানোর কষ্ট। আমার ছেলেকে আল্লাহ যেন শহীদি মর্যাদা দান করেন।”
আব্দুল্লাহর বাবা আব্দুল জব্বার বলেন, “আব্দুল্লাহর জন্য কবরের পাশে শুধু কাঁদি আর আল্লাহর কাছে দোয়া করি। এখন সবাই আমার খোঁজ-খবর রাখে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।”
