সেনা সদস্য ‘অপহরণ’: বরিশালে বিএনপির ১১ নেতার সদস্যপদ স্থগিত
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বালুমহালের দরপত্র নিয়ে এক সেনা সদস্যকে অপহরণ, মারধর ও মালামাল ছিনিয়ে নেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বরিশালে সেনা সদস্যকে অপহরণ, মারধর ও মালামাল ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ১১ নেতার প্রাথমিক সদস্যসহ সব পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে।
বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যাদের পদ স্থগিত করা হয়েছে, তারা হলেন- হিজলা উপজেলা বিএনপির সদস্যসচিব দেওয়ান মনির হোসেন, বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রাঢ়ী, বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব কামরুল আহসান, বরিশাল মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফরিদা বেগম, যুবদল নেতা নুর হোসেন সুজন, ইমরান খন্দকার, জাহিদ, বেলায়েত ও রুবেল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বালুমহালের দরপত্র নিয়ে এক সেনা সদস্যকে অপহরণ করে মারধর ও মালামাল ছিনিয়ে নেওয়ার জন্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের প্রাথমিক সদস্য পদসহ সব পদ তিন মাসের জন্য স্থগিত করা হল।
অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘটনাটি তদন্তে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সহসম্পাদক গোলাম মুহাম্মদ চৌধুরীকে আহ্বায়ক করে এক সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে জমা দিতে বলা হয়েছে।
