Published : 28 Feb 2026, 08:07 PM
‘ফ্যামিলি কার্ড’ পর্যায়ক্রমে সবার কাছে পৌঁছাবে বলেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।
তিনি বলেছেন, “যেহেতু ‘ফ্যামিলি কার্ডে’ আড়াই হাজার টাকা দেওয়া হবে, এটা বিদ্যমান অন্যান্য কার্ডগুলো থেকে অনেক বেশি; তাই সুবিধাভোগীরা এটাই নিতে চাইবেন। সেক্ষেত্রে আমরা যাচাই-বাছাই করে এই মুহূর্তে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত- এই তিনটি শ্রেণির কাছে কার্ড পৌঁছানোর চেষ্টা করব।
“পর্যায়ক্রমে এটা মধ্যবিত্ত এবং উচ্চবিত্তের কাছে পৌঁছাবে।”
শনিবার দুপুরে নাটোর সার্কিট হাউজে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “আমরা বিগত সময়ে দেখেছি, আমাদের যে কার্ডগুলো আছে- বিধবাভাতা, বয়স্কভাতা, কৃষি কার্ড, গর্ভবতী ভাতা- সেগুলো বিতরণের ক্ষেত্রে অনেক দুর্নীতি হয়েছে। অনেক সময় দেখা গেছে, যাদের মাধ্যমে এই কার্ড বিতরণ হত তারা অনেক সময় সুবিধাভোগীদের কাছে টাকা চাইত। এই বিষয়গুলো বন্ধ করার জন্য আমরা পর্যায়ক্রমে সমন্বিতভাবে এগোব। যেন সব কার্ড নিয়ে একটি কার্ড করা যায়।”
এ সময় নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত উপস্থিত ছিলেন।
১০ মার্চ বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফ্যামিলি কার্ডের’ উদ্বোধন করবেন।