২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্তিত্ব রক্ষায় পলিথিন থেকে পাটে ফিরতে হবে: জিনাত আরা

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ বাস্তবায়নে শেরপুরে স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা করেন পাট অধিদপ্তরের মহাপরিচালক।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2024, 07:14 PM

Updated : 26 Aug 2026, 11:04 AM

নিজেদের অস্তিত্ব রক্ষা ও পরিবেশের স্বার্থে পলিথিন থেকে মুখ ফিরিয়ে পাটে ফিরতে হবে বলে মন্তব্য করেছেন পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা। 

শনিবার দুপুরে শেরপুরে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ বাস্তবায়নে স্টেক হোল্ডারদের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। 

পাটজাত মোড়ক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে অতিরিক্ত সচিব বলেন, “আগে পলিথিন ছিল না। আমাদের বাপ-চাচারা পাটের ব্যাগেই বাজার করেছেন। এটি আমাদের সোনালি ঐতিহ্য ও গৌরবের অংশ। 

“পণ্যে পাটের মোড়কের ব্যবহার নিশ্চিত করতে হবে। পাট রপ্তানির মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জনও করতে পারব।”

শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আইয়ুব আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল চৌধুরী, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, পুলিশ পরিদর্শক মো. আব্দুল ওয়াহেদ, চালকল ব্যবসায়ী শরাফত আলী, আব্দুল গণি, খুরশিদ আলম মিঠু এবং পাটকল মালিক আলমগীর হোসেন বক্তব্য দেন।

পাট অধিদপ্তরের প্রধান কার্যালয়ের পাট উন্নয়ন কর্মকর্তা জিয়াউল হক খানের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা পাট উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারাসহ জুট মিল ও রাইস মিল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।