ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা
গাজী বোরহান উদ্দিন অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় হত্যাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার যুবলীগ নেতাকে হামলা করে ছিনিয়ে নিয়েছেন স্বজনরা।
সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বুধবার বলেন, মঙ্গলবার সন্ধ্যায় অরুয়াইল বাজার পুলিশ ক্যাম্পের সামনে হামলা করে আসামি গাজী বোরহান উদ্দিনকে ছিনিয়ে নেয় তার স্বজনরা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
গাজী বোরহান উদ্দিন অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক।
স্থানীয়রা বলেন, আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর বোরহান অনেকটা প্রকাশ্যেই ছিলেন। মঙ্গলবার বিকালে তাকে গ্রেপ্তার করে অরুয়াইল পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। তখন সেখানে জড়ো হন বোরহানের ভাই গাজী গিয়াস উদ্দিনসহ তাদের গোষ্ঠীর অন্তত দেড় থেকে দুইশ লোকজন। তারা তাকে ছেড়ে দিতে চাপ প্রয়োগ করেন।
পুলিশ দুটি অটোরিকশায় করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজী বোরহান উদ্দিনকে নিয়ে সরাইল থানার উদ্দেশে রওনা হয়। তখন হামলা করে স্বজনরা তাকে ছিনিয়ে নেয়।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
