আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে ‘গুম-খুনে’ মেতেছে: টুকু
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতের স্মরণে বিএনপির সভা।
আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই মানুষকে ‘অত্যাচার-নির্যাতন, গুম ও খুন’ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শুক্রবার বিকালে সিরাজগঞ্জ শহরের গয়লা ঈদগাঁহ মাঠে পৌর বিএনপি আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতের স্মরণ সভায় এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগ মানুষের জন্য আতঙ্ক উল্লেখ করে টুকু বলেছেন, “একাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত সিরাজগঞ্জ শহরে চারটি ক্যাম্প স্থাপন করে অনেক মানুষকে হত্যা করে যমুনা নদীতে ফেলা হয়েছিল। নদী কথা বলতে পারলে আজ সব বলে দিত।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের কথা স্মরণ করে বিএনপি নেতা বলেন, “আবু সাঈদ বুক পেতে গুলি খেয়েছে। টিয়ারশেলের কালো ধোঁয়ার মধ্যেই পানি পানি বলে গুলি খেয়ে মুগ্ধ মারা গেছে। অনেক নিরপরাধ শিশু নিহত হয়েছে।
“হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। এসব শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে ফ্যাসিস্টদের ঠাঁই হবে না। শেখ হাসিনা কোনো দিন দেশে ফিরতে পারবেন না। ফিরলে ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের দায়ে তাকে ফাঁসিতে ঝুলতে হবে।”
টুকু বলেন, “আওয়ামী লীগের শাসনামলে সিরাজগঞ্জ শহরে এক রাজার জন্ম হয়েছিল। সেই রাজার নির্দেশে আমাকে আসতে দেওয়া হয়নি। আসলেও গৃহবন্দি করে রাখা হত। তার নির্দেশে বিএনপির রুমানা মাহমুদকে দুইবার এবং আমাকে এক বার হত্যাচেষ্টা করা হয়েছিল।”
সিরাজগঞ্জ শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিমের সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি মুজিবুর রহমান লেবু, নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, ভিপি শামীম, শ্রী অমর কৃষ্ণদাস এবং পৌর বিএনপির সভাপতি মুন্সী জাহিদ আলম বক্তব্য দেন।
সমাবেশে শেষে ইকবাল হাসান মাহমুদ টুকু ছাত্র-জনতার আন্দোলনে নিহত সুমন, লতিফ ও রশিদের পরিবারকে এক লাখ টাকা করে অর্থ সহায়তা দেন।
