১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গৌরীপুর বাসস্ট্যান্ডে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

মামুন কক্সবাজার যেতে ঢাকা থেকে বাসে ওঠেন। বাসটি গৌরীপুর বাসস্ট্যান্ডে থামার পর পানি কিনতে গাড়ি থেকে নামেন তিনি।

গৌরীপুর বাসস্ট্যান্ডে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা
মো. আল-মামুন ওরফে মামুন সম্রাট।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2025, 10:09 AM

Updated : 26 Aug 2026, 01:27 PM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনের বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে বলে জানান দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী।

নিহত মো. আল-মামুন ওরফে মামুন সম্রাট কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে।

ওসি জুনায়েত বলেন, “মামুনসহ আরও ৩ নারী রাতে কক্সবাজার যেতে ঢাকা থেকে বাসে ওঠেন। বাসটি গৌরীপুর বাসস্ট্যান্ডে থামার পর পানি কিনতে গাড়ি থেকে নামেন তিনি। 

“নিচে নামার পর ৩-৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। কুপিয়ে মামুনের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে তার রক্তাক্ত মরদেহ দেখতে পাই।”

তবে কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

ওসি আরও বলেন, আল-মামুনের বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাসসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, চাঁদাবাজিসহ ২৩টি মামলা রয়েছে।