Published : 23 May 2026, 09:18 PM
সিলেট নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র্যাব সদস্য ইমন আচার্য নিহতের ঘটনায় মামলা হয়েছে।
শনিবার দুপুরের দিকে নিহতের বড় ভাই সুজিত আচার্য বাদী হয়ে মামলাটি করেন বলে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান।
মামলায় গ্রেপ্তার হওয়া নগরীর কাজিরবাজার এলাকার বাসিন্দা আসাদুল আলম বাপ্পিকে (২২) একমাত্র আসামি করা হয়েছে।
নিহত ইমন আচার্য (২৮) চট্টগ্রাম জেলার হাটহাজারি থানার পশ্চিম ধলই গ্রামের রণধীর আচার্যের ছেলে।
পরিবার জানায়, ইমন ২০১৮ সালে পুলিশের কনস্টেবল হিসেবে যোগদান করেন। ২০২৫ সালে তিনি র্যাব-৯ এ সংযুক্ত হন। গত ফেব্রুয়ারিতে বিয়ে করেন ইমন। ১৫ দিন আগে ছুটি কাটিয়ে তিনি কর্মস্থলে যোগ দেন।
শুক্রবার দুপুরের দিকে নগরীর ক্বিন ব্রিজ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি নিহত হন। এর পরই আসাদুল আলম বাপ্পিকে গ্রেপ্তার করা হয়।
মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইমনকে ছুরিকাঘাত করে আসাদুল পালিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্যরা তার পিছু নেন। এ সময় তিনি নগরীর তোপখানার একটি বাসায় ঢুকে পড়েন। সেখানে এক শিশুর গলায় চাকু ধরে ওই পরিবারের সদস্যদের জিম্মি করে পালানোর চেষ্টা করেন তিনি। তবে পুলিশ সদস্যরা কৌশলে তাকে আটক করেন।
এ ঘটনায় অভিযান চালিয়ে শনিবার সকাল ৮টা পর্যন্ত মোট ২৩৩ জনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ।
অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, বিকালে আসামি আসাদুল আলম বাপ্পিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরিবার মরদেহ নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে।
এ ছাড়া ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে অন্তত ১০০টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে।