শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা
কমিটি স্থগিত ও বিলুপ্তির কারণ জানেন না বলে দাবি করেছেন সদ্য সাবেক আহ্বায়ক ও সদস্যসচিব।
শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি দুই মাসের মাথায় স্থগিতের পর আড়াই মাসের মাথায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে বলে বিলুপ্ত কমিটির সদ্য সাবেক সদস্যসচিব সিরাজুল ইসলাম জানান।
একইসঙ্গে শিগগিরই জেলা বিএনপির কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩ নভেম্বর গঠিত শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হল। এখন থেকে ওই কমিটির কোনো কার্যকারিতা থাকবে না। শিগগির শেরপুর জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে।
দুই মাসের মাথায় প্রথমে স্থগিত ও পরে কমিটি বিলুপ্ত করার কারণ বলতে পারছেন না সদ্য সাবেক আহ্বায়ক হযরত আলী।
কমিটি বিলুপ্তির কারণ জানেন না দাবি করে সদ্য সাবেক সদস্যসচিব সিরাজুল ইসলাম বৃহস্পতিবার বলেন, “দলের বৃহত্তর স্বার্থে কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার প্রতি আমাদের আস্থা রয়েছে। দলের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ হলে কমিটি ঘোষণা দেওয়া হবে।”
বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি ঢাকায় একটু ব্যস্ত আছি।” এই বলে তিনি ফোন কেটে দেন।
গত বছরের ৩ নভেম্বর শেরপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে ওই কমিটির সাধারণ সম্পাদক হযরত আলীকে আহ্বায়ক, আবদুল আওয়াল চৌধুরীকে যগ্ম আহ্বায়ক ও সিরাজুল ইসলামকে সদস্যসচিব করে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
গত ২ জানুয়ারি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে ওই আহ্বায়ক কমিটি স্থগিত করেন।
সেইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম না চালানোর নির্দেশনাও আসে কেন্দ্র থেকে।
তখন থেকে দলের সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকলেও সম্প্রতি জেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের সমর্থক এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হযরত আলীর সমর্থক নেতাকর্মীরা শহরে আলাদা মিছিল ও সমাবেশ করে নিজেদের সক্ষমতা জানান দেন।
এতে স্থানীয় রাজনীতিতে ভেতরে দুটি পক্ষ দৃশ্যমান হয়ে ওঠে।
এ অবস্থায় বুধবার রাতে কেন্দ্রের সিদ্ধান্তে শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়।
