নেত্রকোণায় পারিবারিক বিবাদে প্রাণ গেল ভাগনের
শনিবার বিকালে মামা বাড়ির সামনে হারুন মিয়া ও হক মিয়ার তর্ক-বিতর্ক হয়।
নেত্রকোণার কেন্দুয়ায় পারিবারিক বিবাদের জেরে মামা ও তার পক্ষের লোকজনের হামলায় এক যুবক নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার বিকালে উপজেলার মাসকা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে হামলার পর রাতে ময়মনসিংহ হাসপাতালে ওই যুবক মারা যান বলে জানিয়েছেন কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান।
নিহত হারুন মিয়া (৩০) ওই গ্রামের রহিছ উদ্দিনের ছেলে। তার মামা একই গ্রামের হক মিয়া।
স্বজনদের বরাতে ওসি মিজানুর বলেন, মামা হক মিয়ার সঙ্গে বেশ কিছুদিন ধরে হারুন মিয়ার পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে শনিবার বিকালে মামা বাড়ির সামনে হারুন মিয়া ও হক মিয়ার তর্ক-বিতর্ক হয়।
“এর কিছু সময়ের মধ্যে হক মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হারুন মিয়ার বাড়িতে হামলা চালায়। তখন হারুন মিয়া গুরুতর আহত হন।”
স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ময়নাতদন্তের জন্যে লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ছাড়া হামলায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
