২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে অটোরিকশা-পিকআপ ভ্যান সংঘর্ষে ১ জন নিহত

অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়; পরে আহতদের মধ্যে একজন মারা যায়।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2022, 09:31 AM

Updated : 02 Sep 2022, 09:31 AM

ফেনীর পরশুরাম উপজেলায় সলিয়া এলাকায় অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়েছে; এতে প্রাণ গেছে অটোরিকশা চালকের।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সলিয়া দিঘীর সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পরশুরাম মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান।

মৃত তাজুল ইসলাম (২৭) পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের নরনীয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

আহতরা সবাই একই ইউনিয়নের নরনীয়া গ্রামের বাসিন্দা। তাদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, পরশুরাম বাজার থেকে একটি বৌ-ভাতের অনুষ্ঠান শেষে অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন চারজন। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ পাঁচজন আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

ফেনী জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সাহেদ মাহমুদ সাদী বলেন, “হাসপাতালে আনার আগেই অটোরিকশা চালক তাজুলের মৃত্যু হয়েছে। আহত চারজনের মধ্যে দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা এ হাসপাতালে ভর্তি রয়েছে।”

ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি উদ্ধার করা হলেও পিকআপটি ভ্যানসহ চালক পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।