জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮২.২%
২৮ জুন থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন উপাচার্য।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে অনার্স প্রথম ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে; এতে পাশের হার ৮২ দশমিক ২ শতাংশ।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের সামনে আইসিটি ভবনের কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।
তিনি বলেন, প্রায় এক যুগ পর গত ৩১ মে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়েছিলেন পাঁচ লাখ ৬০ হাজার ৫৯৫ পরীক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন (পাস মার্ক ৩৫%) চার লাখ ৬০ হাজার ৭০৬ শিক্ষার্থী। হার হিসাবে যা ৮২ দশমিক ২ শতাংশ।
উত্তীর্ণদের মধ্যে ৩৩ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী ৫০ শতাংশের বেশি নম্বর এবং বাকি ৬৬ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী ৫০ শতাংশের নিচে নম্বর পেয়েছেন বলে জানান উপাচার্য আমানুল্লাহ।
তিনি বলেন, উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছেন দুই লাখ ৬৫ হাজার ৩৬৪ জন।
আগামী ২৮ জুন থেকে ভর্তি ফরম ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজের সঙ্গে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছেন উপাচার্য।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক মো. নূরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক এ টি এম জাফরুল আযম উপস্থিত ছিলেন।
