Published : 23 Jan 2026, 09:00 PM
একাত্তরের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জামায়াতে ইসলামীর কাছে বাংলাদেশ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, “মুক্তিযুদ্ধের সময় জামায়াত আমাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি করেছে। সুতরাং জামায়াতের কাছে বাংলাদেশ নিরাপদ নয়, কারণ তারা বাংলাদেশই চায়নি।”
শুক্রবার সন্ধ্যায় সাড়ে ৬টায় ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের পয়সা ফেলা বাজারে নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিনি বলেন, “বিএনপি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে। আমরা প্রমাণিত রাজনৈতিক দল। পাঁচবার আমরা ক্ষমতায় এসেছি এবং দেশের জন্য কাজ করেছি।”
মির্জা ফখরুল বলেন, “বহু বছর পর আমাদের সামনে একটা সুযোগ এসেছে। এই সুযোগকে কাজে লাগাতে হবে। সঠিক দলকে ভোট দিতে হবে। কোনো ভাবেই স্বাধীনতা বিরোধীদের প্রশ্রয় দেওয়া যাবে না।
“একটা দল বলে, আমি তাদের নাম বলব না, তাদেরকে ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে- এটা সম্ভব? আল্লাহকে সন্তুষ্ট বা তুষ্টি না করলে বেহেশতে যাওয়া যায় না। যদি মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাইত তাহলে তো সবাই তাই করত। এজন্য আমি এসব নিয়ে বেশি কথা বলব না।”
বিএনপির মহাসচিব বলেন, “বিএনপি মানুষকে বিভ্রান্ত করতে চায় না। আমরা উন্নয়ন করতে চাই। তাই আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানাই।”
বিএনপি সরকারে আসলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে বলে প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।