বৃষ্টি নেই, পানিও সরছে না, দুর্ভোগে লক্ষ্মীপুরের প্রত্যন্ত এলাকার মানুষ
“জেলার পাঁচ উপজেলার প্রায় ৭ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যা কবলিত মানুষদের মধ্যে শুকনা খাবার বিতরণ করা হচ্ছে।”
লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টি ও নোয়াখালী থেকে আসা পানিতে এ জেলার পাঁচ উপজেলার অন্তত সাত লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
প্রতিনিয়ত নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পাশাপাশি আগে থেকে যে সব এলাকায় পানি ছিল, সেই এলাকাগুলোর পানির উচ্চতাও বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যকবলিতদের মধ্যে ৩৯৫ মেট্রিকটন চাল ও ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এ অবস্থায় বন্যা দুর্গতদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আশ্রয় নিতে বলা হয়েছে বলে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান জানিয়েছেন।
তিনি বলেন, “জেলার পাঁচ উপজেলার প্রায় ৭ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যা কবলিত মানুষদের মধ্যে শুকনা খাবার বিতরণ করা হচ্ছে।”
পানিবন্দি এলাকা ঘুরে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার থেকে নোয়াখালীর বন্যার পানি রহমতখালী হয়ে বিভিন্নভাবে লক্ষ্মীপুরে ঢুকে পড়ে। এতে সদর উপজেলার পূর্বাঞ্চলের চন্দ্রগঞ্জ, চরশাহী, দিঘলী, মান্দারী, বাঙ্গাখাঁ, উত্তর জয়পুর, হাজীরপাড়া, দত্তপাড়া, কুশাখালী ও তেওয়ারীগঞ্জসহ কয়েকটি ইউনিয়নসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। কোথাও কোথাও প্রায় ৫-৬ ফুট পানিতে ডুবে আছে। অনেক এলাকায় কোমর সমান পানি রয়েছে; ঢুকে পড়েছে ঘর-বাড়ির ভেতরেও।
এছাড়া রামগতি ও কমলনগর উপজেলার চরকাদিরা-হাজীগঞ্জ বেড়ির পশ্চিম পাশে ভুলুয়া নদীর পানি বেড়ে প্রায় ২৬ দিন ধরে পানিতে ডুবে আছে বিস্তীর্ণ জনপদ।
শনিবার দিনব্যাপী লক্ষ্মীপুরের আকাশে সূর্যের হাসি থাকলেও রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। এতে রোববার সকাল থেকে লক্ষ্মীপুর পৌরসভা ও পূর্বাঞ্চলের ইউনিয়নগুলোর অধিকাংশ এলাকার মানুষ নতুন করে পানিবন্দি হয়ে পড়েছে।
জেলা প্রশাসন কার্যলয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩৯৫ মেট্রিকটন চাল ও ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বন্যার্তদের জন্য জেলার ১৮৬টি স্থায়ী এবং ৬০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকটি আশ্রয়কেন্দ্রে মানুষজন আশ্রয় নিয়েছে। সবাইকে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।
লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন সড়কের বেশির ভাগ অংশ পানির নিচে তলিয়ে আছে। এসব এলাকায় প্রায় সবগুলো বসতবাড়িই পানির নিচে। যাদের বসতভিটা নিচু তাদের ঘরে হাঁটুপানি। বাড়ির উঠানে কোমর পানি। পানিতে নিমজ্জিত হয়ে আছে টিউবওয়েল, শৌচাগার। ঘরে ঘরে দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট।
যাদের বসতঘরে থাকার মতো পরিস্থিতি নেই, তারা উপায় না পেয়ে উঠেছেন পাশের আশ্রয়কেন্দ্রে। আবার কেউ আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
লাহারকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাশেম ও রৌশন দম্পতি। সড়কের পাশেই তাদের বসতবাড়ি। তাদের ঘরের ভেতরে হাঁটু পানি। বাড়ির উঠোনে কোমর পানি।
বৃদ্ধা কাশেম বলেন, ঘরে আটজন সদস্য তাদের। এদের মধ্যে চারজনই শিশু। ঘরের মেঝেতে পানি, তাই শিশুদের নিয়ে ভয় কাজ করে।
দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মামুনুর রশিদ বলেন, “বৃষ্টি নেই, এরপরও হঠাৎ করে আমাদের এলাকায় পানি বাড়ছে। এগুলো নোয়াখালী থেকে আসা পানি। এতে মানুষের দুর্ভোগ-কষ্ট বাড়ছে।”
চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজু বলেন, “আমার ইউনিয়নের পাশেই নোয়াখালী। এতে সেখানকার পানির চাপ আমার এলাকায় এসেছে। ঘরবাড়ি-রাস্তাঘাটে এখনও ৩-৪ ফুট পানি। এ অবস্থায় সাইক্লোন সেল্টারসহ ১৬টি স্থানে কিছু লোক আশ্রয় নিয়েছেন। তাদেরকে সরকারি-বেসরকারিভাবে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।”
লক্ষ্মীপুরের বন্যার সার্বিক বিষয় নিয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউনুস মিয়া বলেন, “লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্বাঞ্চলে পানি বেড়েছে। নোয়াখালীর বন্যার পানি বেগমগঞ্জ হয়ে এসব এলাকায় ঢুকে পড়ছে। ভাটার সময় স্লুইস গেট দিয়ে পানি বের হচ্ছে। আশা করি, পানি নামতে থাকলে পরিস্থিতি উন্নতি হবে।”
বন্যার্তদের জন্য জেলার ১৮৬টি স্থায়ী এবং ৬০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে রোববার পর্যন্ত প্রায় দশ হাজার লোক আশ্রয় নিয়েছে। তাদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে বলে জানান তিনি।
সার্বিক পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জানিয়েছেন।
