২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ব্যবসায়ীকে হত্যার মামলায় নারীসহ গ্রেপ্তার ৫

৪ অগাস্ট রাত ১০টার দিকে চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন বিল্লাল। এরপর আর বাড়ি ফেরেননি।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2026, 04:16 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

শেরপুরের ঝিনাইগাতীতে ধান ব্যবসায়ীকে হত্যার মামলায় এক নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে নিহত বিল্লাল হোসেনের ছোট ভাই আনোয়ার হোসেন বৃহস্পতিবার বাদী হয়ে থানায় মামলা করেন বলে জানিয়েছেন ঝিনাইগাতী থানার ওসি এসএম নুর মোহাম্মদ। মামলায় ৮ জনকে আসামি করা হয়েছে। 

বিল্লাল হোসেন (৪৫) উপজেলার নলকুড়া ইউনিয়নের জারুলতলা গ্রামের প্রয়াত জুলহাস উদ্দিনের ছেলে। 

পুলিশ জানায়, ৪ অগাস্ট রাত ১০টার দিকে চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন বিল্লাল। এরপর আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ঝিনাইগাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বিল্লাল হোসেন।

বিল্লাল হোসেন।

নিখোঁজের ৮ দিন পর  বুধবার বিকালে জারুলতলা এলাকায় রঞ্জনা খালের পাশে স্থানীয় শিশু-কিশোররা মাছ ধরতে গেলে বাঁশঝাড়ের দিক থেকে পচা দুর্গন্ধ পায়। 

খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে বিল্লাল হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান, ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকালে নিজ বাড়িতে বিল্লাল হোসেনের মরদেহ দাফন করা হয়।

ঝিনাইগাতী থানার ওসি এসএম নুর মোহাম্মদ বলেন, সুরতহাল প্রতিবেদনে মরদেহের চোখ-মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এসব আঘাত ও মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে। 

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে এক নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।