চাঁপাইনবাবগঞ্জে পাম্পে কনস্টেবলকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
আব্দুল্লাহ আল রায়হান খয়রাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ফিলিং স্টেশনে পুলিশের কনস্টেবলকে চড়-থাপ্পড় ও লাঠিপেটা করার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় পাম্পের তিন কর্মচারীকে আটক করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার রহনপুরের খয়রাবাদে ‘রায়হান ফিলিং স্টেশনে’ এ ঘটনা ঘটে বলে গোমস্তাপুর থানার ওসি নূরে আলম জানান।
নাচোল থানার গাড়িচালক আহত কনস্টেবল শওকত হোসেনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, কনস্টেবল শওকত দুপুরে রায়হান ফিলিং স্টেশন থেকে থানার পিকআপের জন্য জ্বালানি তেল নিতে যান। এ সময় পাম্পের লোকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
“এক পর্যায়ে ফিলিং স্টেশনের মালিক আব্দুল্লাহ আল রায়হান কনস্টেবলকে চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধর করেন। খবর পেয়ে নাচোল ও গোমস্তাপুর থানার পুলিশ আহত অবস্থায় কনস্টেবলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”
গোমস্তাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন বলেন, আব্দুল্লাহ আল রায়হান সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ আলীর ছেলে এবং খয়রাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি।
গোমস্তাপুর থানার ওসি নূরে আলম বলেন, এ ঘটনায় আব্দুল্লাহ আল রায়হানকে গ্রেপ্তারের অভিযানে নেমেছে পুলিশ। মামলা প্রক্রিয়াধীন।
এ ব্যাপারে রায়হান ফিলিং স্টেশন কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হচ্ছে।
