Published : 12 Jun 2026, 10:04 PM
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় গরুর মাংসের সঙ্গে ঘোড়ার মাংস মেশানোর সময় ছয়জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শুক্রবার সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দরসুলপুর গ্রামের মোংলা বন্দরের একটি রাইচ মিলের পরিত্যক্ত ঘর থেকে তাদের আটক করা হয় বলে জানান সাদুল্লাপুর থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম।
আটকরা হলেন- মোমিনুর রহমান, মিন্টু মিয়া, হৃদয় হোসেন, রাজিব হোসেন, মামুন মিয়া ও জোবায়দুর রহমান। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ঘরের ভেতরে মাংস কাটাকাটি দেখে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে তারা গিয়ে দেখেন, পরিত্যক্ত ওই ঘরে গোপনে ঘোড়া জবাই করে তার মাংস গরুর মাংসের সঙ্গে মেশানো হচ্ছিল।

পুলিশের দাবি, এসব গরুর মাংস হিসেবে বিক্রির প্রস্তুতি চলছিল।
এ সময় স্থানীয়রা ছয়জনকে আটক করে পুলিশে দেয়। পরে উত্তেজিত লোকজন ঘরটি ভাঙচুর করে।
পুলিশ ঘটনাস্থল থেকে ঘোড়ার মাংস জব্দ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আটক ব্যক্তিদের থানায় নেওয়া হয়।
ওসি হাবিবুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
জব্দ করা ঘোড়ার মাংস পুলিশ ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে গ্রামের একটি ফাঁকা জমিতে মাটিচাপা দেওয়া হয় বলে জানান ওসি।