Published : 25 Aug 2026, 09:37 PM
নাটোরের গুরুদাসপুরে নন্দকুজা নদীতে গোসল করতে নেমে স্রোতে ভেসে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার নাজিরপুরের ওয়াবদা বাজারের ফকিন্নির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল হান্নান।
নিহতরা হলো- ওয়াবদা বাজার এলাকার বাসিন্দা বাবলু হোসেনের ছেলে লাম হোসেন (৯) এবং একই এলাকার ফজলুর রহমানের ছেলে ফারহান ইসলাম (৯)। লাম চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে লাম, ফারহান, আব্দুল্লাহ এবং আব্দুল্লাহ চার বন্ধু মিলে নন্দকুজা নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে নদীর প্রবল স্রোতে ভেসে যায় লাম ও ফারহান।
অপর দুই শিশু কোনোমতে নদীর তীরে উঠে প্রাণে বাঁচে। পরে তাদের চিৎকারে স্থানীয়রা নদীতে তল্লাশি করে লাম ও ফারহানের লাশ উদ্ধার করেন।
ওসি আব্দুল হান্নান বলেন, একইসঙ্গে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।