১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ভারত থেকে এল ১৬৫০ টন পেঁয়াজ

“চুয়াডাঙ্গা থেকে সিরাজগঞ্জে পৌঁছার পর সেখান থেকে ওই পেঁয়াজ ট্রাকে করে ঢাকা নেওয়া হবে।”

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2024, 10:23 PM

Updated : 01 Apr 2024, 01:19 AM

ভারত থেকে আমদানি করা ১৬৫০ টন পেঁয়াজ রেলপথে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে পৌঁছেছে।

রোববার বিকাল ৫টা ৫ মিনিটে মালবাহী ট্রেনে করে এই পেঁয়াজ ভারতের গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশের দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে ঢোকে।

দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মীর্জা কামরুল হুদা বলেন, “এই পেঁয়াজ রাতেই সিরাজগঞ্জ জেলার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। আমদানি করা পেঁয়াজ টিসিবির পণ্য হিসেবে বিক্রি হবে।

“চুয়াডাঙ্গা থেকে সিরাজগঞ্জে পৌঁছার পর সেখান থেকে ওই পেঁয়াজ ট্রাকে করে ঢাকা নেওয়া হবে। তারপর তা টিসিবির মাধ্যমে সরবরাহ করা হবে।”

পেঁয়াজ আমদানি প্রসঙ্গে চুয়াডাঙ্গার কাঁচামাল আড়ৎ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি বলেন, “আমদানি করা পেঁয়াজ চুয়াডাঙ্গা দিয়ে বাংলাদেশে এসেছে।

“এই পেঁয়াজ টিসিবির পণ্য হিসেবে বিতরণ হলে বাজারে দামের প্রভাব পড়বে। কিছুটা হলেও দাম কমবে।”

“রোববার বাজারে খুচরা পেয়াজ বিক্রি হয়েছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে। আশা করা যাচ্ছে, টিসিবির এই পেঁয়াজের কারণে দাম আরেকটু কমে যাবে।” যোগ করেন তিনি।