২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে মাদ্রাসা ছাত্র জুদানের মৃত্যুর ঘটনার তদন্ত ও বিচার দাবি

জুদানের বাবার দাবি, ছেলে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2025, 10:03 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

নোয়াখালী সদর উপজেলায় মাদ্রাসা ছাত্র জুদান ইবনে জিদানের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল হয়েছে।

শনিবার দুপুরে নোয়াখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ‘নিহত জুদানের এলাকাবাসী’ ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়।

এ সময় সোনাপুর-সাহেবের হাট সড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। 

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নিহত জুদানের বাবা আমিনুল ইসলাম সোহেল, মা সাবিনা খাতুন জুমাসহ স্বজন ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। 

জুদানের বাড়ি সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের মধ্য চর উরিয়া গ্রামে। তার বাবা আমিনুল ইসলাম ওমান প্রবাসী। সে নোয়াখালী পৌরসভার মহব্বতপুরে তাজবীদুল কুরআন সোবহানিয়া মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের ছাত্র ছিল। 

জুদানের বাবা আমিনুল ইসলাম বলেন, “৩০ এপ্রিল মাদ্রাসা কর্তৃপক্ষ মোবাইল ফোনে বাড়িতে মাকে জানায় জুদান অসুস্থ। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু সেখানে গিয়ে দেখেন জুদান মৃত। এরপর তারা বলেন, আমার ছেলে আত্মহত্যা করেছে।

“মারা যাওয়ার দুই দিন আগে খেলাকে কেন্দ্র করে মাদ্রাসা কর্তৃপক্ষ জুদানকে শাস্তি দেয়। প্রথমে তার মাথা ন্যাড়া করে দেওয়া হয়, তারপর তাকে টেবিলের নিচে মাথা দিয়ে কান ধরিয়ে রাখা হয়।” 

তিনি অভিযোগ করে বলেন, “১০ বছরের ছেলে আত্মহত্যা করতে পারে না, তাকে নির্যাতন করে হত্যা করে ফাঁসির নাটক সাজানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করতে চাইলেও থানা নেয়নি। দুই মাস অতিবাহিত হলেও এখনও পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট তাদেরকে দেওয়া হয়নি।”  

এ বিষয়ে সুধারাম থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন, “সম্প্রতি ময়নাতদন্তের প্রতিবেদন এসেছে। সেখানে জুদানের মৃত্যু ফাঁসিতে হয়েছে বলে বলা আছে। পরবর্তীতে বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে।”