২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ‘ছাগলে ক্ষেতের ধান খাওয়ার জেরে’ পিটিয়ে হত্যা

ছেলেকে মারধরের খবর শুনে সেখানে গেলে বাবাকেও পেটানো হয় বলে স্থানীয়রা জানান।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2024, 10:51 PM

Updated : 26 Aug 2026, 10:54 AM

জামালপুরের মেলান্দহে ছাগলে ক্ষেতের ধান খাওয়ার জেরে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার দুপুরে উপজেলার চরগোবিন্দী এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। 

নিহত আনিছুর রহমান (৫৫) ওই এলাকার মৃত আজিজুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, একই এলাকার মাহাবুর রহমানের ছাগল সোমবার দুপুরে মোজাফফর হোসেন হান্নানের ছেলে আনিছুর রহমানের ক্ষেতের ধান খায়। এ নিয়ে আনিছুরের ছেলে আরাফাত হোসেনের সঙ্গে মাহাবুরের বাদানুবাদ হয়।

মঙ্গলবার দুপুরে চরগোবিন্দী মোবাইল টাওয়ার কাছে গেলে মাহাবুর রহমান ও তার লোকজন আরাফাতকে আটক করে মারধর করেন। খবর পেয়ে আনিছুর রহমান সেখানে গেলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। 

স্থানীয়রা উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় পথেই আনিছুর রহমানের মৃত্যু হয়।  

মেলান্দহ থানার ওসি মোহাম্মদ মাসুদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।