১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দিপু দাসের স্ত্রী-সন্তানের ব্যয়ভার বহন করবে সরকার: শিক্ষা উপদেষ্টা

সরকারের পক্ষ থেকে ময়মনসিংহের তারাকান্দায় দিপু চন্দ্র দাসের বাড়িতে সহমর্মিতা জানাতে গিয়ে এ কথা বলেন রফিকুল আবরার।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2025, 09:32 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

ধর্ম অবমাননার অভিযোগ তুলে হত্যাকাণ্ডের শিকার পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসের স্ত্রী ও সন্তানের সম্পূর্ণ ব্যয়ভার সরকার বহন করবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার।

তিনি বলেন, “দিপু চন্দ্র দাসের পরিবার একা নয়, সরকার তার পরিবারের সঙ্গে আছে, এটা জানাতেই আমি এসেছি। দিপুর পরিবারের এমন সংকট কালে আমরা তাদের পাশে আছি। 

“তার স্ত্রী-সন্তান ও পরিবারের সঙ্গে কথা বলে তাদের আর্থিক ও আইনিসহ সব ধরনের সহায়তা করবে সরকার। আমি এটা নিশ্চিত করতে চাই, দিপুর সন্তান ও স্ত্রীর সম্পূর্ণ ব্যয়ভার সরকার বহন করবে।”

মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামে নিহত দিপু চন্দ্র দাসের বাড়িতে সরকারের পক্ষ থেকে সহমর্মিতা জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।

হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়ে রফিকুল আবরার বলেন, “অভিযোগ, গুজব বা বিশ্বাসগত পার্থক্য এ ধরনের বর্বরতার অজুহাত হতে পারে না। সরকার সর্বোচ্চ আইন প্রয়োগ করার ক্ষমতা রাখে। 

“দিপু হত্যাকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনী ১২ জনকে গ্রেপ্তার করেছে। তদন্ত চলছে। এর সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় এনে দোষীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।”

তিনি বলেন, বাংলাদেশ একটি আইন শাসিত রাষ্ট্র। এখানে কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার রাখে না। অন্যায় হলে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

শিক্ষা উপদেষ্টা বলেন, বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষ বসবাস করে। সবার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে এবং রাষ্ট্র তার যথাযথ সম্মান করে। 

তিনি বলেন, “বর্তমানে কিছু দুষ্কৃতিকারী গোষ্ঠী বিভাজন ও মতভেদ সৃষ্টি করে এসব উস্কে দেওয়ার চেষ্টা করছে। আমাদের সকলকে এসব বিষয়ে সতর্ক থাকতে হবে এবং এগুলো হতে দেওয়া যাবে না। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ব্যবস্থা নেবে।”

এসব ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে কি-না জানতে চাইলে রফিকুল আবরার বলেন, “এসব কর্মকাণ্ড নির্বাচনে কোনোভাবেই প্রভাব পড়বে না। এ ছাড়া বাইরের দেশের উস্কানিতেও নির্বাচনে কোনও প্রভাবে পড়বে না।”

সোমবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে দিপু দাসের বাড়িতে যান জেলা প্রশাসক সাইফুর রহমান। এ সময় নগদ অর্থ ও খাদ্য সহায়তার পাশাপাশি দীপুর স্ত্রীকে চাকরির আশ্বাস দেন তিনি।

এদিকে দিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। একই সঙ্গে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে তারা। মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

দিপু দাসের বাড়িতে মানবাধিকার দল

এদিকে মঙ্গলবার দুপুরে দিপু দাসের পরিবারের সঙ্গে দেখা করেছেন মানবাধিকার কর্মীদের একটি প্রতিনিধি দল। 

মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী শহিদুল আলমের নেতৃত্বে ১৮ সদস্য বিশিষ্ট দলটি দিপুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রাষ্ট্র এবং সরকারের কাছে ন্যায়বিচার দাবি করেছেন।

প্রতিনিধি দলের সদস্যরা দীপু চন্দ্র দাসের স্ত্রী মেগনা রাণীর সঙ্গে কথা বলে আর্থিক অবস্থাসহ পরিবারের খোঁজখবর নেন।

এ প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, লেখক ও সংবিধান সংস্কার কমিশনের সাবেক সদস্য ফিরোজ আহমেদ, মানবাধিকার কর্মী দীপায়ন খীসা, লেখক ও নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ। এছাড়াও জাতীয় আইন সহায়তা কেন্দ্র ব্লাস্ট, এএলআরডি, মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে পরিবারটির যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়ে শহীদুল আলম সাংবাদিকদের বলেন, আমরা এসেছি ন‍্যায়বিচারের আশায়। আমরা ন্যায়বিচার আদায় করে ছাড়ব। সমাজের কাছে এবং সরকারের কাছে দাবি শুধু ন্যায়বিচার না, বরং এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে ব্যবস্থা নেওয়া। সত‍্যিকার অর্থে আমরা যেন বৈষম্যহীন বাংলাদেশ দেখে যেতে পারি।  

এর আগে বৃহস্পতিবার রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দিপু চন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে হত্যা করে একদল লোক। পরে তার মরদেহ গাছে ঝুলিয়ে আগুন দেওয়া হয়। 

ঘটনার পরদিন দিপুর ছোট ভাই অপু দাস অজ্ঞাত পরিচয় ১৫০ জনকে আসামি করে ভালুকা থানায় মামলা করেন। এ মামলায় আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে।

নিহত দিপু চন্দ্র দাস (২৮) তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। দুই বছর ধরে তিনি ভালুকার জামিরদিয়া পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কোম্পানিতে কাজ করে আসছিলেন।

দিপু দাসের বাড়িতে ময়মনসিংহের ডিসিস্ত্রীকে চাকরির আশ্বাস

ধর্ম নিয়ে 'কটূক্তিরঅভিযোগে ময়মনসিংহে শ্রমিককে পিটিয়ে হত্যা

দিপু দাসকে উত্তেজিত জনতার হাতে তুলে দেন ফ্লোর ইনচার্জর‌্যাব

'ধর্ম অবমাননা': ময়মনসিংহে শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

দিপু দাস হত্যাআরও ২ আসামি গ্রেপ্তার

ময়মনসিংহে দিপু দাস হত্যা মামলার ১২ আসামি ৩ দিনের রিমান্ডে