‘ধর্ষণ-ব্ল্যাকমেইল’: পর্নোগ্রাফি মামলায় এনজিও পরিচালক গ্রেপ্তার
নুরুল হক বাহুবল উপজেলার লাকুড়ীপাড়া গ্রামের বাসিন্দা এবং দরিদ্র কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক।
হবিগঞ্জের বাহুবলে ধর্ষণ ও নারী নির্যাতনের মামলায় এক এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. সাজ্জাদ হোসেন বলেন, চুনারুঘাট এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার নুরুল ইসলাম ওরফে নুরুল হক বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের লাকুড়ীপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি দরিদ্র কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক।
সম্প্রতি নুরুল হক, তার সহযোগী ওসমানীনগরের আবুল বশর ওরফে মামুন বখতসহ কয়েকজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন এক তরুণী।
মামলায় অভিযোগ করা হয়, চুনারুঘাট উপজেলার ওই তরুণী বছরখানেক আগে দরিদ্র কল্যাণ সংস্থায় অফিস সহকারী হিসেবে যোগদান করেন। এরপর থেকেই নুরুল হক তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। নানা সময়ে তাকে ধর্ষণ করা হয়। সেসবের ভিডিও রেখে তাকে ভয়-ভীতিও দেখানো হয়।
তরুণীর অভিযোগ, তাকে ওষুধ খাইয়ে অচেতন করে নুরুল হক তার বন্ধু ও প্রবাসীদের হাতেও তুলে দিতেন। সম্প্রতি তিনি চাকরি ছেড়ে দিলে সেই আপত্তিকর ভিডিওগুলো বিদেশে থাকা বন্ধুদের কাছে পাঠিয়ে দেওয়া হয়; যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
চুনারুঘাট ও বাহুবলের আরও দুই তরুণী একইভাবে ধর্ষণ ও শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে মামলায় বলা হয়েছে।
১৫ ফেব্রুয়ারি এক শিক্ষার্থী হবিগঞ্জ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে নুরুল হকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।
র্যাব-৯ এর কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সাজ্জাদ হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, নুরুল হক মানবাধিকার সংস্থা ও এনজিও দরিদ্র কল্যাণ সংস্থার আড়ালে দীর্ঘদিন ধরে অসহায় নারীদের জিম্মি করে অনৈতিক কর্মকাণ্ড ও ব্ল্যাকমেইল করে আসছিলেন।
বাহুবল মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, “মামলার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পলাতক থাকা অবস্থায় র্যাবের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। এখন তাকে আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হবে।”
