০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় ১৬৭ মিলিমিটার বৃষ্টি, প্লাবিত নিচু এলাকা

শুক্রবার ভোর ৩টা ৪০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত জেলায় ১৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2026, 02:26 PM

Updated : 19 Sep 2026, 02:32 PM

টানা বৃষ্টিতে চুয়াডাঙ্গার বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়েছে।

জেলা শহরের চাঁদমারি মাঠ, আরামপাড়া, দক্ষিণ হাসপাতালপাড়া ও গুলশানপাড়াসহ বিভিন্ন নিচু এলাকায় পানি জমে গেছে। পাশাপাশি শহরের বেশ কয়েকটি সড়কেও জলাবদ্ধতা তৈরি হয়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, শুক্রবার ভোর ৩টা ৪০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত টানা বৃষ্টিতে জেলায় ১৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

সকালে কিছু সময়ের জন্য বৃষ্টি থেমে থাকলেও দুপুরে আবারও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয় বলে জানান তিনি। 

প্রবল বৃষ্টির কারণে শহর এলাকার অধিকাংশ মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হননি।

চুয়াডাঙ্গা শহরের আরামপাড়ার ব্যবসায়ী মুরাদ হোসেন বলেন, “আরামপাড়ার অনেকের বাড়িতে পানি ঢুকে গেছে। রাস্তায় জমে আছে পানি। পানি নিস্কাশন না হওয়ায় দুর্ভোগে পড়েছেন মানুষ।” 

গুলশানপাড়ার বাসিন্দা আসমত আলী বলছিলেন, তার এলাকা থেকে দক্ষিণহাসপাতাল পাড়া পর্যন্ত রাস্তাটি অনেকটাই নিচু। এসব এলাকায় পানি জমে গেছে। আশেপাশের পাড়া-মহল্লার রাস্তাগুলোও  ডুবে আছে পানির নিচে।