শ্রমিকদের জন্য কেন্দ্রীয় হাসপাতাল করা হবে: নাটোরে শ্রম উপদেষ্টা
দেশে অনেক গার্মেন্টস আছে; যারা মালিকরা শুধু টাকা চুরি করার জন্য আছেন বলে মন্তব্য করেন এম সাখাওয়াত হোসেন।
শ্রমিকদের জন্য কেন্দ্রীয় একটি হাসপাতাল নির্মাণ করার কথা বলেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেছেন, “শ্রমিকদের জন্য যে চিকিৎসা ব্যবস্থা আছে, তা অপ্রতুল। আমাদের যেসব জেলায় অফিস আছে, সেখানে একজন ডাক্তার আছেন। তারা বলেন, পাঁচটি বেড আছে কিন্তু একটিও নাই।
“এসব দেখার পর চিন্তা করছি, শ্রমিকদের জন্য কেন্দ্রীয় একটি হাসপাতাল করার। সেটা হয়ত ঢাকার আশেপাশে হতে পারে, যেখানে সবধরনের ডাক্তার পাওয়া যাবে।”
রোববার বেলা ১১টার দিকে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সাখাওয়াত হোসেন বলেন, “সরকারের তরফ থেকে যে চেকটা দেওয়া হয়েছে, সেটা শ্রমিকের পাওনা, প্রয়োজন আছে। শিক্ষার জন্য কিছু দিয়েছি, চিকিৎসার জন্যও দিয়েছি কিছু।
“অনেক শ্রমিক আছেন, যাদের দীর্ঘস্থায়ী চিকিৎসার প্রয়োজন, হয়ত পারছেন না। আজকাল যেকোনো চিকিৎসার একটু জটিল হলে পয়সা খরচ করতে হয়।”
কলকারখানায় শ্রমিকদের কাজের পরিবেশ নিয়ে শ্রম উপদেষ্টা বলেন, “কলকারখানার যে পরিবেশ হওয়ার কথা কিন্তু সেই পরিবেশ নেই। যারা টেক্সটাইল মিলে কিংবা তুলা নিয়ে কাজ করেন, তাদের পার্টিকেলগুলো স্বাস্থ্যের জন্য ভালো না। দীর্ঘদিন ধরে যারা কাজ করেন, তাদের স্বাস্থ্যগত অনেক সমস্যা হয়।
“কিছু বড় বড় জায়গায় তাদের ডাক্তার আছেন, তারা দ্রুত হয়ত দেখাতে পারেন। কিন্তু সব জায়গায় নেই। আমরা জেলায় যেসব হাসপাতাল আছে, সেখানে কয়েকটি বেড শ্রমিকদের জন্য রাখতে বলেছি। আমি সংশ্লিষ্ট সবাইকে বলব, এটা একটু নিশ্চিত করেন।”
তৈরি পোশাক শিল্পের অস্থিরতা নিয়ে সাখাওয়াত হোসেন বলেন, “আমাদের অনেক শিল্প ও উদ্যোক্তা আছেন, যারা অনেস্টলি চেষ্টা করেন দেশে শিল্প প্রতিষ্ঠান হোক। যেখান থেকে তারা লাভবান হবেন, দেশের পণ্যও যেন বাইরে যায়।
“আবার অনেক শিল্প প্রতিষ্ঠান আছে, বিশেষ করে গার্মেন্টস সেক্টর, যেখানে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে। এমন অনেক গার্মেন্টস প্রতিষ্ঠান আছে; যারা মালিকরা শুধু টাকা চুরি করার জন্য আছেন; যা আমি ফেস করছি, শ্রমিকদের দেখাশুনা না করে তারা নিজেদের দেখাশুনা করছেন।
“যে কারণে আমাকে এক ধরনের খলনায়ক হতে হয়েছে ওনাদের কাছে। আমার কথা হচ্ছে, শ্রমিকের পাওনা দাও, তারপর তুমি দেশে থাকো না বিদেশে থাকো এটা তোমার বিষয়! না পারলে বন্ধ করে দাও কিন্তু শ্রমিকদের টাকা দিতে হবে।”
শ্রম উপদেষ্টা বলেন, দেশ শুধু গার্মেন্টস এবং জনশক্তি খাতই রপ্তানি করছে। এই দুটি খাতকে টিকিয়ে রাখার পাশাপাশি রপ্তানিমুখী আরও খাত তৈরি করতে হবে। শিপবিল্ডিং একটি ভাল খাত হতে পারে; যা নিয়ে সরকার কাজ করছে।
নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্ব চেক হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন, সিভিল সার্জন মো. আরেফিন সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল হায়াত এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
