২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে বিএনপির সভাস্থলের পাশে হাতবোমা বিস্ফোরণ

অন্তত ২০টি হাতবোমার বিস্ফোরণর ঘটানো হয় বলে জানায় পুলিশ।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2025, 06:36 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বিএনপির আলোচনা সভাস্থলের পাশে অন্তত ২০টি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের পোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে বলে জানান নড়িয়া থানার ওসি মোহাম্মদ নাজমুল হাসান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোক্তারেরচর ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিদ্যালয় মাঠে আলোচনা সভা চলছিল। এ সময় হঠাৎ সভাস্থলের পাশ থেকে বেশ কিছু হাতবোমার বিস্ফোরণ ঘটে। উপস্থিত নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। 

খবর পেয়ে নড়িয়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মেদ রয়েল মাঝি বলেন, “শান্তিপূর্ণ আলোচনা সভা নস্যাৎ করার জন্য এ নাশকতা চালানো হয়েছে। যারা এতদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগের আশ্রয়ে ছিল, তারা এখন নব্য বিএনপি হয়ে আমাদের কার্যক্রম বাধাগ্রস্ত করছে।”

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ওসি নাজমুল হাসান বলেন, ঘটনাস্থল থেকে বোমা সদৃশ কিছু বস্তু উদ্ধার করা হয়েছে। কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।