২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুঁটি ভেঙে পড়ার শব্দে প্রাণ বাঁচাতে গিয়ে অটোরিকশার চাপা, নিহত শিক্ষিকা

“বৃষ্টিতে গোড়ার মাটি নরম হয়ে যাওয়ায় খুঁটি পড়ে গিয়ে ওই দুর্ঘটনা ঘটে।”

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2026, 01:11 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার শব্দ শুনে বাড়িতে ঢোকার সময় অটোরিকশার চাপায় এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।

একই ঘটনায় জরাজীর্ণ একটি খুঁটি ভেঙে অটোরিকশার ওপর পড়ে আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে টঙ্গী-কালীগঞ্জ সড়কের শিমুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানিয়েছেন।

তিনি বলেন, “দুর্ঘটনায় একজন নারী শিক্ষকের মৃত্যু হয়েছে এবং দুজন আহত হয়েছেন।”

নিহত ৪৫ বছর বয়সী শিউলি বেগম শিমুলিয়া এলাকার হাসেন সরকারের মেয়ে এবং তুমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

আহতরা হলেন- বক্তারপুর এলাকার তন্ময় (১৬) এবং তুমুলিয়া মিশন এলাকার পূজা রানী দেবনাথ (২০)।

পুলিশ ও স্থানীয়রা বলছে, মঙ্গলবার বিকাল আনুমানিক ৪টার দিকে শিমুলিয়া এলাকায় পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশন-সংলগ্ন বিদ্যুতের খুঁটি ভেঙে সড়কে পড়ে। একই সময়ে তারের টানে আরও অন্তত ১৬টি খুঁটি একে একে মাটি থেকে উপড়ে সড়ক ও পাশের বিলে হেলে পড়ে। এতে পুরো সড়কজুড়ে বৈদ্যুতিক তার ছড়িয়ে পড়ে।

এ সময় একটি খুঁটি অটোরিকশার ওপর তার পড়ে গেলে তন্ময় ও পূজা গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, একই সময়ে শিউলি বেগম বাড়ির পাশের সড়কে দাঁড়িয়ে ছিলেন। খুঁটি ভেঙে পড়ার শব্দে তিনি বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন। ঠিক সেই মুহূর্তে টঙ্গীগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর সড়কের দুই দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। সন্ধ্যা ৭টার দিকে খুঁটি ও তার সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্টরা বলছে, খুঁটি স্থাপনে একাধিক নিয়ম লঙ্ঘন করা হয়েছে। পল্লী বিদ্যুতের বিধি অনুযায়ী, একটি খুঁটির মোট দৈর্ঘ্যের ছয় ভাগের এক ভাগ মাটির নিচে পোঁতা থাকতে হয়। সে হিসেবে ৪৫ ফুটের একটি খুঁটি প্রায় সাড়ে ছয় থেকে সাত ফুট গভীরে বসানোর কথা।

কিন্তু তদন্তে জানা গেছে, ওই খুঁটিগুলো মাত্র তিন থেকে চার ফুট গভীরে পোঁতা হয়েছিল। এছাড়া জলাশয়-সংলগ্ন নরম মাটিতে খুঁটিগুলো স্থাপন করা হলেও গোড়ায় প্রয়োজনীয় ‘কংক্রিট মাফিং’, অ্যাঙ্কর বা পাথরকুচি দিয়ে র‍্যামিংয়ের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

নিয়ম অনুযায়ী এ ধরনের নরম বা জলাশয়ঘেঁষা মাটিতে বাড়তি সুরক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক।

কালীগঞ্জ পল্লী বিদ্যুতের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আক্তার হোসেন বলেন, “বৃষ্টিতে গোড়ার মাটি নরম হয়ে যাওয়ায় খুঁটি পড়ে গিয়ে ওই দুর্ঘটনা ঘটে।”