২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ায় ফেরি উদ্বোধনে বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

নলছিরা ফেরি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে হাতিয়া থানার ওসি সাইফুল আলম জানান।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2026, 05:50 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। 

শুক্রবার বিকাল সাড়ে ৩টায় নলছিরা ফেরি ঘাট এলাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম জানান। 

সংঘর্ষের পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরি উদ্বোধন উপলক্ষে বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা নলছিরা ঘাটে জড়ো হন। এ সময় পাল্টাপাল্টি স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। 

আহতদের কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

নলছিরা ঘাট এলাকার বাসিন্দা নাহিদ উদ্দিন বলেন, “ফেরি চালুর কৃতিত্ব নেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এতে কয়েকজন আহত হয়েছেন।”

ঘটনার পর এনসিপির পক্ষ থেকে হামলার অভিযোগ তুলে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। অন্যদিকে বিএনপি তাদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনে ঘটনার জন্য এনসিপিকে দায়ী করেছে।

এ ঘটনার নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে হাতিয়া থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে এনসিপির প্রার্থী আব্দুল হান্নান মাসউদ। 

তিনি বলেন, “পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মাধ্যমে বিএনপি প্রার্থী মাহবুবের রহমান শামীম হাতিয়াতে সন্ত্রাসের রাজনীতি কায়েম করতে চাচ্ছেন।”

অপরদিকে বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম বলেন, “কারা সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে হাতিয়ার মানুষ সবই জানে।”

তিনি পাল্টা অভিযোগ করে বলেন, “এনসিপির লোকজনই বিনা কারণে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম বলেন, “মারামারির খবর পেয়েছি। তবে আহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”