২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

গৌরনদীর পৌর মেয়রকে মারধরের পর পুলিশে হস্তান্তর

“উত্তেজিত জনতা গৌরনদীর সাবেক পৌর মেয়র আলাউদ্দিনকে আটক করে পুলিশকে খবর দেয়।”

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2024, 05:19 PM

Updated : 26 Aug 2026, 10:57 AM

বরিশালের গৌরনদী পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন ভুইয়াকে মারধর করে পুলিশে দিয়েছে জনতা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে বাবুগঞ্জ থানার ওসি শেখ আমিনুল ইসলাম জানান জানিয়েছেন।

গৌরনদী পৌর মেয়র আলাউদ্দিন ভুইয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য পদেও রয়েছেন। গত ৫ অগাস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। তার ছোট ভাই সান্টু ভুইয়া গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি।

বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, “বেলা ১১টার দিকে ছাত্রদলের কিছু নেতাকর্মী মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় অবস্থান করছিলেন। এ সময় কয়েকজনকে নিয়ে একটি গাড়ি থেকে নামেন আলাউদ্দিন ভুইয়া।

“কিন্তু ছাত্রদলের নেতাকর্মীদের দেখে একটি দোকানে লুকিয়ে পড়েন। তখন উত্তেজিত জনতা তাকে মারধর করে আটকে রাখে। পরে বাবুগঞ্জ থানার ওসির কাছে তাকে হস্তান্তর করা হয়।”

ওসি শেখ আমিনুল বলেন, “উত্তেজিত জনতা গৌরনদীর সাবেক পৌর মেয়র আলাউদ্দিনকে আটক করে পুলিশকে খবর দেয়। তাকে উদ্ধার করে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। আলাউদ্দিনের বিরুদ্ধে কোন মামলা রয়েছে কি-না পুলিশ সুপার কার্যালয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, তার থানায় করা মামলার আসামি হিসেবে পৌর মেয়র আলাউদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।