২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

মেত্রোপলিতানোর দুঃস্বপ্ন কাটানোর আশায় রেয়াল মাদ্রিদ কোচ

জুজে মরিনিয়োর বিশ্বাস, নিজেদের সেরাটা দিতে পারলে আতলেতিকো মাদ্রিদের মাঠ থেকে ভালো কিছু নিয়ে ফিরতে পারবে তার দল।

মেত্রোপলিতানোর দুঃস্বপ্ন কাটানোর আশায় রেয়াল মাদ্রিদ কোচ

জুজে মরিনিয়ো। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 08:31 AM

Updated : 20 Sep 2026, 08:31 AM

আতলেতিকো মাদ্রিদের ঘরের মাঠ মেত্রোপলিতানো যেন রেয়াল মাদ্রিদের জন্য কঠিন এক ঠিকানা। এই মাঠে তাদের রেকর্ডটা মোটেও স্বস্তির নয়। নগর প্রতিদ্বন্দ্বীদের আঙিনাতেই লা লিগায় নিজেদের পরের ম্যাচটি খেলবে রেয়াল। দলটির কোচ জুজে মরিনিয়োর বিশ্বাস, নিজেদের সেরাটা দিতে পারলে এবার সেখান থেকে ভালো কিছু নিয়েই ফিরতে পারবে তার দল।

মাদ্রিদ ডার্বিতে রোববার মুখোমুখি হবে রেয়াল ও আতলেতিকো। বাংলাদেশ সময়ে রাত সোয়া আটটায় শুরু মাঠের লড়াই।

২০১৭-১৮ মৌসুমে আতলেতিকোর এই স্টেডিয়ামের যাত্রা শুরু হওয়ার পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে এখানে ১১টি ম্যাচ খেলেছে রেয়াল। যার মধ্যে মাত্র দুটি জিততে পেরেছে তারা। বাকি ৯ ম্যাচের পাঁচটিতে হেরেছে, অন্য চারটি ড্র।

মেত্রোপলিতানোয় রেয়াল সবশেষ খেলে গত মৌসুমে। শাবি আলোন্সোর কোচিংয়ে লা লিগার সেই ম্যাচে আতলেতিকোর বিপক্ষে ৫-২ গোলে বিধ্বস্ত হয় তারা।

এই মাঠে রেয়ালের সবশেষ জয় ২০২২ সালে, লা লিগার ম্যাচে ২-১ গোলে।

কোচ হিসেবে মেত্রোপলিতানোয় কখনও আতলেতিকোর মুখোমুখি হননি মরিনিয়ো। সেখান থেকে জয় নিয়ে ফেরা যে বেশ কঠিন, সেটা বুঝতে পারছেন তিনি। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে পর্তুগিজ এই কোচ বললেন, নিজেদের সর্বোচ্চটা দিয়ে সাফল্য নিয়ে ফেরার লক্ষ্য তাদের।

“আমি জানি না, দলকে শতভাগ পারফর্ম করাতে পারব কি না। তবে এটাই আমার ও আমার খেলোয়াড়দের লক্ষ্য। কিন্তু সফল হবো কি না জানি না।

“আমরা টানা অনেক ম্যাচ খেলেছি। এর মধ্যেও কিছু ভুল সংশোধন করতে পেরেছি; এটা একটা প্রক্রিয়া। কিছু ক্লাব যদি টানা তিন, চার বা পাঁচ দিন অনুশীলন করে... সবাই যদি সবসময় উন্নতির কথা বলে, তখন আমাদের কথাটা ভাবুন- এই কয়েক মাসে আমরা ইতোমধ্যে সাত-আটটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে ফেলেছি।”

মৌসুমের পথচলায় উন্নতির পাশাপাশি ফল পাওয়ার ওপরও জোর দিচ্ছেন মরিনিয়ো।

“আমাদের উন্নতি করতে হবে। একই সঙ্গে ফলও পেতে হবে। আর আমরা এনিয়ে কাজ করছি। আমাদের আত্মবিশ্বাস অনেক, কিন্তু এটাও জানি যে কাজ চালিয়ে যেতে হবে।”

লা লিগায় এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে পাঁচটিতে জিতেছে রেয়াল। চলতি মাসের শুরুতে রেয়াল বেতিসের বিপক্ষে হেরে যায় তারা। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে দলটি।