১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্ত্রীকে পিটিয়ে ‘হত্যার পর’ স্বামীর ‘আত্মহত্যা’

“সুরুতহাল প্রতিবেদন তৈরির সময় মারুনি বিবির মাথায় একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে।”

স্ত্রীকে পিটিয়ে ‘হত্যার পর’ স্বামীর ‘আত্মহত্যা’
প্রতীকী ছবি

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2024, 09:17 PM

Updated : 10 Sep 2026, 12:19 PM

নওগাঁর মান্দা উপজেলায় পারিবারিক বিরোধের জের এক নারীকে পিটিয়ে হত্যার পর তার স্বামী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার গভীর রাতে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে মান্দা থানার ওসি মনসুর রহমান জানান।

নিহতরা হলেন-ওই গ্রামের আতাউর রহমান (৭২) ও তার স্ত্রী মারুনি বিবি (৬৫)। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের প্রতিবেশী শফিকুল বলেন, “আতাউর ও মারুনির মধ্যে পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। শনিবার গভীর রাতে আতাউররের মেয়ে কাজলি বিবি আমাকে ফোনে জানায় যে, তার বাবা আত্মহত্যা করতে পারেন। বিষয়টি জরুরিভাবে দেখার জন্য আমাকে অনুরোধ করেন।”

শফিকুল ইসলাম নামের আরেক প্রতিবেশী বলেন, “কাজলির এমন সংবাদে আশেপাশের লোকজনকে নিয়ে আতাউরের বাড়িতে গিয়ে ডাকাডাকির পরও তাদের সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে ঘরের ভেতর দুজনের মরদেহ পাওয়া যায়।”

ওসি মনসুর বলেন, “সুরুতহাল প্রতিবেদন তৈরির সময় মারুনি বিবির মাথায় একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। আর মরদেহের পাশ থেকে একটি শাবল ও চিরকুট উদ্ধার করা হয়েছে। পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রীকে হত্যার পর স্বামী আতাউর রহমান আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।