২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ছাত্রদল নেতা হত্যা: বিএনপি নেতাদের নামে মামলা, একজন বহিষ্কার

শনিবার কটিয়াদীর চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা আহ্বায়ক আশিক খাঁ নিহত হন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2025, 09:20 PM

Updated : 26 Aug 2026, 12:20 PM

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহতের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের নামে মামলা হয়েছে। এ ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

নিহত মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিক খাঁর (২৪) মা রিতা আক্তার বাদী হয়ে রোববার রাতে কটিয়াদী থানায় মামলাটি করেন বলে জানান কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুল্লাহ খান। 

এ ঘটনায় চাতল বাঘহাটা স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ আলী হায়দার বাবুল ও আব্দুল হান্নান নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ।

কিশোরগঞ্জে 'স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্ব', সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

মামলায় সহকারী অ্যাটর্নি জেনারেল এবং উপজেলা বিএনপির সহসভাপতি আশিকুজ্জামান নজরুল, শাহ মোহাম্মদ আলী হায়দার বাবুল, আব্দুল হান্নান, চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও কিশোরগঞ্জ আদালতের এপিপি রিয়াজুল ইসলাম সেবক, চান্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ইনসাফ আলীসহ ২৯ জনকে আসামি করা হয়েছে।

এদিকে এ ঘটনায় চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজুল ইসলাম সেবককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান শামু স্বাক্ষরিত সোমবার এক চিঠিতে জানানো হয়েছে, দলের জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা আহ্বায়ক আশিক খাঁ নিহত হন। এ সময় আহত হয় আরও ১০ জন।