হবিগঞ্জে পাওনা টাকা নিয়ে বিচারের জেরে যুবককে কুপিয়ে হত্যা
চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের গনকিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পাওনা টাকা নিয়ে বিচারের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার গভীর রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের গনকিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে বলে চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানান।
নিহত আফরোজ মিয়া (৪৬) ওই গ্রামের আব্দুল হামিদের ছেলে।
আহতরা হলেন- আফরোজের ভাই আসকির মিয়া (৫০), তাজুল ইসলাম (৩৮) ও নাসির মিয়া (২৭)। তারা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে গনকিরপাড় গ্রামের রতন মিয়া স্থানীয় শিরিনা আক্তারের দোকান থেকে বাকিতে ২০০ টাকার সদাই করেন। পরদিন বিকালে পাওনা টাকা চান দোকানদার শিরিনা আক্তার। এ সময় টাকা পরিশোধ করতে অনীহা প্রকাশ করেন রতন মিয়া।
এ নিয়ে শিরানা ও রতনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শিরিনার দোকানে ভাঙচুর চালায় রতন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আফরোজের ভাই তাজুল ইসলাম। তিনি রতনকে চড়-থাপ্পড় দিয়ে শিরিনার টাকা পরিশোধ করতে বলেন। এ সময় তাদের মধ্যেও বাকবিতণ্ডা হয়।
পরে শনিবার সন্ধ্যায় উভয় পক্ষের মুরুব্বীরা বিরোধ নিষ্পত্তি করেন এবং ২০০ টাকা দোকানদার শিরিনাকে দেওয়ার সিদ্ধান্ত হয়।
এরপর মধ্যরাতে আফরোজের ঘরে ঢিল ছুড়ে প্রতিপক্ষের লোকজন। তখন দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন আফরোজ মিয়া। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় বলেন, পুলিশ তদন্ত করছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।
