Published : 13 Dec 2025, 03:09 PM
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সেই মিছিলের শুরুতে সামনে থাকা নিয়ে নেতাকর্মীদের মধ্যে হট্টগোলের ঘটনাও ঘটেছে।
শনিবার সকালে ঝালকাঠি শহরের আমতলা সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিছিলটি কিছুদূর এগিয়ে সাধনার মোড়ে পৌঁছলে মিছিলের সামনে থাকা নিয়ে জেলা যুবদল আহ্বায়ক শামীম তালুকদার ও জেলা স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক আজাদুর রহমানের খানের সাথে বাকবিতণ্ডা হয়।
এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল দেখা দেয়। পরিস্থিতি শান্ত হলে পুনরায় মিছিলটি শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখেন, ঝালকাঠি-২ আসনের (সদর-নলছিটি) বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুশফিকুর রহমান বাবু এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু।
বক্তারা অভিযোগ করে বলেন, ওসমান হাদীর ওপর হামলার ঘটনাটি পরিকল্পিত এবং এটি জাতীয় সংসদ নির্বাচন বানচালের অপচেষ্টা। দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান তারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
হাদির সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ
এদিকে শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় শনিবার সকালে দোয়া ও মোনাজাত করা হয়েছে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসায়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম দোয়া মোনাজাত পরিচালনা করেন।
এ মাদ্রাসাতেই পঞ্চম শ্রেণি থেকে আলিম পর্যন্ত লেখাপড়া করেছেন ঢাকায় ওসমান হাদি। এখানে রয়েছে তার অসংখ্য স্মৃতি।
শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার খবরে বাকরুদ্ধ ঝালকাঠিবাসী ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা এ ঘটনার সুষ্ঠভাবে তদন্ত করে বিচার দাবি করেছেন।