সেতুর অভাবে দুর্ভোগে আলোকবালী ইউনিয়নের অর্ধলাখ মানুষ
নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশা বলেন, “আমি নিজে পরিদর্শনে গিয়ে কচুরিপানার জটে তিন ঘণ্টা নৌকায় আটকে ছিলাম।” সেতুর অভাবে দুর্ভোগে আলোকবালী ইউনিয়নের অর্ধলাখ মানুষ
সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নের ৯টি গ্রামের অর্ধলাখ মানুষ।
মেঘনা নদী ও ছোট ছোট শাখা নদীর কারণে বিভিন্ন দ্বীপে ভাগ হয়ে থাকা ইউনিয়নটির সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ না থাকায় শিক্ষা-চিকিৎসাসহ আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়ছেন বাসিন্দারা।
মাত্র ২০ কিলোমিটার দূরত্ব হলেও নৌ-পথে উপজেলা সদর তথা জেলা সদরে যাতায়াত করতে গিয়ে ব্যয় করতে হয় কয়েক ঘণ্টা। এছাড়া বছরের বেশিরভাগ সময় কচুরিপানার জটে নৌকা-স্পিডবোটসহ নৌযান চলাচলে বিঘ্ন ঘটে। দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে তো যোগাযোগ বন্ধই হয়ে যায়।
এতে হঠাৎ অসুস্থ হয়ে পড়া রোগী আনা-নেওয়াসহ জরুরি কাজে যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছেন চরাঞ্চলবাসী। ঘটছে বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনাও।
যোগাযোগের এ দুরাবস্থার কারণে বাবাকে হারানোর অভিজ্ঞতা জানিয়ে আলোকবালী বাখরনগর গ্রামের শিক্ষার্থী আহমদ মিয়া বলেন, “একদিন রাত প্রায় আড়াইটায় বাবা বুকে তীব্র ব্যথা অনুভব করেন। কুয়াশার কারণে নৌকাও যেতে রাজি হয়নি।
“সকালে হাসপাতালে নিতে নিতে বড় ধরনের হার্ট অ্যাটাক করেন বাবা এবং পরে ঢাকার হাসপাতালে পৌছানোর আগে তিনি মারা যান। এমন ঘটনা অহরহ ঘটছে।”
আলোকবালী গ্রামের বাসিন্দা ব্যবসায়ী রুবেল আহমেদ বলেন, “সেতু না থাকায় কচুরিপানার জট পেরিয়ে এক ঘণ্টার রাস্তা পার হতে ৩-৪ ঘণ্টা লাগছে। কিন্তু মাত্র ৩০০-৩৫০ মিটার দীর্ঘ একটি সেতু হলে সমস্যা অনেকটাই কমে যেত।“
সম্প্রতি সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিচ্ছিন্ন জনপদ আলোকবালী ইউনিয়ন সারাবছরই যাতায়াতের একমাত্র মাধ্যম নৌ-পথ। বর্ষাকালে সবগুলোর গ্রামেই যাতায়াত করতে হয় নৌকাযোগে। কৃষিপণ্য আনা নেয়ায় হচ্ছে বাড়তি সময় ও অর্থ ব্যয়।
তবে নির্দিষ্ট সময় ছাড়া সেই নৌকাও হাতের নাগালে থাকে না।
আলোকবালী ইউনিয়নের বাসিন্দা ও সদরে জেলা খাদ্য কর্মকর্তার দপ্তরে কাজ করা উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, সড়ক পথ না থাকায় প্রতিনিদনই অফিস যেতে ভোগান্তি পোহাতে হয়।
“নৌকা দিয়ে নির্দিষ্ট সময়ে আসা যাওয়া করতে হয়। সদরে যেতে ইঞ্জিনচালিত নৌকায় সকাল ৭টা, ৯টা, ১০টায় ও ফিরতি সময় দুপুর ২টা, ৩টা, বিকাল ৪টা ও সন্ধ্যা ৭টা পর্যন্ত পাওয়া যায়। ”
বাখরনগর গ্রামের বাসিন্দা সৌদি আরব প্রবাসী সাইফুল ইসলাম বলেন, “প্রবাস থেকে মালামাল নিয়ে এসে বাড়ি যেতে ভোগান্তিতে পড়তে হয়। নৌকা সহজে পাওয়া যায় না, অতিরিক্ত ভাড়া দিয়ে যেতে হয়। সেতু নির্মাণ হলে দূরত্ব না কমলেও যাতায়াতের পথ সহজ হবে এবং ৩০-৪০ মিনিটে পৌঁছা যাবে।”
এছাড়া মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কমিউনিটি ক্লিনিকের কর্মচারী, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সেবাদানকারী লোকজন যথাসময়ে যেতে পারছেন না দুর্গম ওই এলাকায়। এতে সেবা বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী।
তাই স্বাধীনতা পরবর্তী সময় থেকেই মেঘনার শাখা নদীতে সংযোগ সেতুর দাবি জানিয়েছেন আলোকবালী ইউনিয়নবাসী। কিন্তু এখনো তাদের সে দাবি অপূর্ণই রয়ে গেছে।
আলোকবালী ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, “এ এলাকার প্রধান সমস্যা হল যাতায়াতের। সরকারি কর্মকর্তারা বিভিন্ন এলাকা হতে আলোকবালীতে আসতে হয়। যেতে দুই ঘণ্টা, আবার ফেরত আসতে দুই ঘণ্টা সময় লাগে। নির্দিষ্ট সময়ের পর আবার নৌকাও পাওয়া যায় না। ফলে পর্যাপ্ত সময় নিয়ে সেবা দিতে পারি না, তারা সেবা থেকে বঞ্চিত হয়।”
নেকজানপুর কেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম ভূইয়া বলেন, “বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের সময়মত আসা যাওয়ায় ব্যাঘাত ঘটে। এছাড়া এ ইউনিয়নের যেসব শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য সদরসহ বিভিন্ন এলাকায় আসা যাওয়া করে তারাও চরম ভোগান্তিতে পড়ে। সময়মত ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না।”
নরসিংদীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশা বলেন, “আমি নিজে পরিদর্শনে গিয়ে কচুরিপানার জটে তিন ঘণ্টা নৌকায় আটকে ছিলাম। ভোগান্তির বিষয়টি উপলব্ধি করেছি।”
তিনি জনদুর্ভোগ লাঘবে ওই এলাকায় সেতু নির্মাণের লক্ষে এর মধ্যেই সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, “রায়পুরা উপজেলার মনিপুরা থেকে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের খোদাদিলা গ্রামে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই হয়েছে। একটি প্রকল্পের অধীনে জরিপ কাজসহ পর্যালোচনা, সমীক্ষা করা হয়েছে।”
প্রকল্পটি অনুমোদিত হলে দ্রুতই সেতু নির্মাণ কাজ বাস্তবায়ন হবে বলে জানান এই প্রকৌশলী।
