১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৭

হামলায় এক এসআইসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

ময়মনসিংহে পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৭
ময়মনসিংহ নগরে পুলিশের ওপর হামলা করে হাতকড়া পরা আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার সাতজন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2026, 05:45 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

ময়মনসিংহ নগরে পুলিশকে কুপিয়ে হাতকড়া পরা আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আসামির বাবাও আছেন।

মঙ্গলবার রাতভর নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান কোতোয়ালি মডেল থানার ওসি নাজমুস সাকিব। 

গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার দীঘারকান্দার আসামি আরিফুল ইসলামের বাবা মো. সাগর আলী হাজী (৬০), সুজন মিয়া (২৭), নাজিম উদ্দিন (৩৭), এ কে এম রেজাউল করিম (৩৫), মো. নাজিম উদ্দিন (৪২), মো. জয়নাল উদ্দিন (৪২) এবং মো. খলিলুর রহমান (৪০)।

পুলিশ বলছে, মঙ্গলবার বিকালে নগরের দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় হত্যাচেষ্টা মামলার আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে নিয়ে আসার পথে আসামির লোকজন পুলিশের ওপর হামলা চালায়। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এসআই ফরিদ আহমেদ।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এসআই ফরিদ আহমেদ।

হামলাকারীরা পাঁচ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করে এবং হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় আহত মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।

বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান কোতোয়ালি মডেল থানায় ওসি নাজমুস সাকিব।

এসআই ফরিদ আহমেদ বলেন, কয়েকদিন আগে রাসেল নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগে দিঘারকান্দা এলাকার আরিফুল ইসলামসহ কয়েকজনের নামে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়। আহত রাসেল রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি বলেন, ঘটনার দিন বিকালে এসআই ফরিদ আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল দিগারকান্দা এলাকায় অভিযান চালিয়ে আসামি আরিফুলকে গ্রেপ্তার করে। তাকে নিয়ে আসার সময় আরিফুলের বাবা সাগর আলীর নেতৃত্বে এলাকাবাসী লাঠিসোঁটা ও দেশি অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আরিফুলকে ছিনিয়ে নেয়।

ওসি নাজমুস সাকিব বলেন, আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ময়মনসিংহে কুপিয়ে হাতকড়া পরা আসামি ছিনতাই৫ পুলিশ হাসপাতালে