বগুড়ায় গৃহবধূকে আটকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৪
ওসি বলেন, শুক্রবার রাতেই সান্তাহার পৌর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করে।
বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহারে এক গৃহবধূকে ঘরে আটকে রেখে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতের ওই ঘটনায় ‘ভুক্তভোগী’ নারী শুক্রবার পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন বলে জানান আদমদিঘী থানার ওসি কামরুজ্জামান।
তিনি বলেন, শুক্রবার রাতেই সান্তাহার পৌর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করে।
তারা হলেন- সান্তাহার পোস্ট অফিস পাড়ার সাহেদুল ইসলাম সাহেদ (২১), রুনা বেগম (৪৫), সান্তাহার পূর্ব লোকো কলোনির মিঠু হোসেন (২৭) ও একই এলাকার হৃদয় হোসেন (২০)।
মামলার বরাতে পুলিশ জানায়, ওই নারী পৌর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন। প্রতিবেশী এক মেয়ে ‘নিখোঁজের’ ঘটনায় ওই নারী ও স্বামীকে সান্তাহার পৌর শহরের পূর্ব লোকো কলোনি এলাকায় ডেকে নিয়ে আসামিরা মারধর করেন। মারধরের মুখে নারীর স্বামী পালিয়ে যান। আর আসামিরা নারীকে একটি ঘরে আটকে রাখেন। পরে গভীর রাতে তাকে দলবেঁধে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।
পরদিন ওই নারীকে উদ্ধার করে পরিবারের লোকজন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন।
ওসি কামরুজ্জামান বলেন, বাকি আসামিকেও গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করে যাচ্ছে।
