Published : 12 Sep 2026, 05:38 PM
গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার জেলা প্রশাসন ও গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে নগরের শ্মশান মন্দির, শ্মশান মোড়, ভাওয়াল রাজ শ্মশানের পাড় ও চিলাই বিলের পাড় এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট ও বিএনসিসি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
তারা বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করেন।
সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, “এডিস মশার লার্ভা ধ্বংসে পর্যাপ্ত ওষুধ মজুত রয়েছে। বিভিন্ন ওয়ার্ডে ওষুধ ছিটানোর জন্য মেশিনও কেনা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম সারা বছর চলবে।”
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, বাসাবাড়ির বর্জ্য রাতে মহাসড়কের পাশে ফেলার কারণে যান চলাচলে সমস্যা হচ্ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে। এ সমস্যা সমাধানে প্রতিটি এলাকায় নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া বলেন, “আগামী তিন মাসের মধ্যে জেলার বিভিন্ন এলাকায় জমে থাকা বর্জ্য পরিষ্কার করা হবে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা বজায় না রাখলে জবাবদিহির আওতায় আনা হবে।”
রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে গাজীপুরে এ অভিযান শুরু হয়।