নরসিংদীতে ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাই নিহত
জমি নিয়ে বিরোধের জেরে কথা-কাটাকাটির এক পর্যায়ে এক ভাই শাবল দিয়ে কাজলের মাথায় আঘাত করেন বলে জানায় পুলিশ।
নরসিংদীর মনোহরদী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাই নিহতের অভিযোগ উঠেছে।
শুক্রবার সকালে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে বলে জানান মনোহরদী থানার এসআই মেহেদী হাসান।
নিহত কাজল মিয়া (৫৭) ওই গ্রামের প্রয়াত আছির উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জমির সীমানা নিয়ে কাজল মিয়া ও বাদল মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে সকালে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে বাদল শাবল দিয়ে কাজলের মাথায় আঘাত করেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী কিশোরগঞ্জের কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
এসআই মেহেদী হাসান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
