১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আমু-শাহজাহান ওমরসহ ৬২ জনের নামে ঝালকাঠিতে মামলা

বিচারক অভিযোগ গ্রহণ করে ঝালকাঠি সদর থানার ওসিকে প্রাথমিক তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন

আমু-শাহজাহান ওমরসহ ৬২ জনের নামে ঝালকাঠিতে মামলা
ফাইল ছবি

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2024, 06:00 PM

Updated : 26 Aug 2026, 10:23 AM

আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরসহ ৬২ জনের বিরুদ্ধে ঝালকাঠির একটি আদালতে মামলা হয়েছে।

সোমবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী বিত্তয় কুমার সরকার ওরফে কেসব সুমন বাদী হয়ে অস্ত্র, বিস্ফোরক এবং বিশেষ ক্ষমতা আইনে ঝালকাঠি জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতে মামলার আবেদন করেন। 

বিচারক মো. মনিরুজ্জামান অভিযোগ গ্রহণ করে ঝালকাঠি সদর থানার ওসিকে প্রাথমিক তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে জানান বাদীর আইনজীবী আল মাহবুব হোসেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ৪ অগাস্ট বেলা ১১টায় জেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মিছিল বের হয়। মিছিলটি ১৪ দলের সমন্বয়ক ও ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর রোনালস রোডের বাসভবন অতিক্রম করছিল। তখন বাড়ির মধ্য থেকে বের হয়ে আসামিরা আগ্নেয়াস্ত্র, ককটেল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। গুলিবর্ষণ ও হাতবোমার বিস্ফোরণে এলাকাজুড়ে আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি হয়। আন্দোলনের অসংখ্য নেতাকর্মীরা আহত অবস্থায় ছত্রভঙ্গ হয়ে যায়। 

আহতরা ঝালকাঠি সদর হাসপাতালে গেলে আসামিরা সেখানেও হামলা চালিয়ে চিকিৎসা গ্রহণে বাধা দেয়। 

মামলায় ঝালকাঠি-১ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। 

মামলার বাদী বিত্তয় কুমার সরকার জানান, “সেদিন আসামিদের হামলায় অনেক ছাত্রছাত্রী আহত হয়। সেই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মামলা করেছি।”