ফরিদপুরে লালন ‘আনন্দধামে’ দুর্বৃত্তদের ভাঙচুর-অগ্নিসংযোগ
ওসি বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগটি তদন্ত করা হচ্ছে। ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফকির লালন শাহ্র অনুসারীদের একটি ‘আনন্দধামে’ হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
এ সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাস্কর্য, লালন শাহ ও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করা হয় এবং বেশকিছু মূল্যবান বইপত্র ও বাদ্যযন্ত্রে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়।
উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের মোটরা গ্রামে রোববার গভীর রাতের এ ঘটনায় সোমবার অভিযোগ পেয়েছেন বলে জানান ভাঙ্গা থানার ওসি মো. মোকসেদুর রহমান।
মঙ্গলবার ওসি বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগটি তদন্ত করা হচ্ছে। ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সদরপুর সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কবি ও শিল্পী মো. জাহিদ হাসান ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব জমিতে ২০১৩ সালে ওই ‘আনন্দধামটি’ স্থাপন করেন।
জাহিদ হাসান সাংবাদিকদের বলেন, “রোববার গভীর রাতে একদল লোক আনন্দধামের দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় ভাস্কর্য, ছবি ভাঙচুর করা হয়। বেশকিছু মূল্যবান বইপত্র, জার্নাল, হারমোনিয়াম, একতারা, দোতারা, বায়া, জুরি, গিটারসহ আরো কিছু বাদ্যযন্ত্রে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়।”
তিনি বলেন, কয়েকদিন আগে ফেইসবুকে লালন আনন্দধাম নিয়ে উসকানিমূলক পোস্ট করা হয়েছিল। এক সপ্তাহ না যেতেই হামলার ঘটনা ঘটল।
লালন আনন্দধামের সভাপতি দীনেশ চন্দ্র রায় বলেন, “গভীর রাতে যখন বিদ্যুৎ ছিল না তখন এ হামলা চালানো হয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”
তিনি বলেন, উপজেলার একমাত্র সাংস্কৃতিক চর্চার তীর্থস্থান হয়ে উঠেছে এই লালন আনন্দধাম। এ ছাড়া বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয় প্রতিষ্ঠাটি। ফ্রি মেডিকেল ক্যাম্প, দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন কবি-সাহিত্যিকদের স্মরণে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে লালন আনন্দধাম।
