২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

গাজীপুরে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ অস্ত্রসহ গ্রেপ্তার ৬

গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2024, 11:12 AM

Updated : 26 Aug 2026, 09:52 AM

গাজীপুর নগরীর কাশিমপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।

কাশিমপুর থানার ২ নম্বর ওয়ার্ডের তেতুইবাড়ি এলাকার একটি বাগান থেকে বুধবার রাত দেড়টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার মো. আমির হোসেন জানান।

গ্রেপ্তাররা হলেন-খুলনার রূপসা থানার রুবেল ফরাজী ওরফে রিফাত ফরাজী (৩০), একই জেলার লবণচড়া থানার কাউসার ইসলাম (৩৫), ওই থানার বাপ্পি শেখ (৩০), খুলনা মহানগরীর খালিশপুর থানার হিরো হাওলাদার (৩০), ফরিদপুরের ভাঙ্গা থানার শহিদুল ইসলাম ওরফে শহীদ (৪২) ও পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার সোহেল রানা (৩৬)।

সহকারী কমিশনার আমির হোসেন বলেন, “তেতুইবাড়ি এলাকার ঘড়ি ডিটারজেন্ট ফ্যাক্টরি সংলগ্ন একটি বাগানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে গোপন খবরে এলাকাবাসীর সহায়তায় তাদের ঘেরাও করে পুলিশ। টের পেয়ে ডাকাত সদস্যরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের ছয় সদস্যকে আটক করা হয়।” 

এ সময় ডাকাত সদস্যদের কাছ থেকে দুটি চাপাতি, একটি সুইচ গিয়ার চাকু ও একটি লোহা কাটারসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের খবরও জানান এ পুলিশ কর্মকর্তা।

কাশিমপুর থানার ওসি সারোয়ার জাহান বলেন, গ্রেপ্তার ডাকাত সদস্যদের মধ্যে রুবেলের বিরুদ্ধে ১৯টি, শহিদুলের বিরুদ্ধে ১০টি, সোহেলের বিরুদ্ধে ১০টি, কাউসারের বিরুদ্ধে দুটি এবং বাপ্পি ও হিরোর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় নতুন মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।