ইলিশ রক্ষায় ২২ দিন জাল ফেলা নিষিদ্ধ থাকবে
সবাইকে এক হয়ে ‘মা ইলিশ’ রক্ষার আহ্বান জেলা প্রশাসকের।
জাতীয় মাছ ইলিশ রক্ষায় ২২ দিন নদীতে জাল ফেলা নিষিদ্ধ থাকার কথা জানিয়েছেন চাঁদপুরের ডিসি মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বলেছেন, “এবারের মা ইলিশ রক্ষা অভিযান একটু ব্যতিক্রম হবে। যেকোনো মূল্যে জাতীয় সম্পদ ইলিশ রক্ষা করা হবে। সুতরাং নিষিদ্ধ সময়ে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জেলেরা জাল ফেলা থেকে বিরত থাকবেন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
রোববার বিকালে মোহনপুর লঞ্চঘাটে জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘মা ইলিশ রক্ষায় সচেতনমূলক সভায়’ বক্তবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “মা ইলিশের মধ্যে যদি ৪০ শতাংশ মাছ ডিম ছাড়তে পারে, তাহলেও ২৫ শতাংশ বেশি উৎপাদন হবে। তার মানে, আপনারা যারা মৎস্যজীবী তারাই বেশি লাভবান হবেন। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মা ইলিশ রক্ষা করতে হবে।”
‘ইলিশ অভয়াশ্রম’ কর্মসূচির আওতায় মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকায় আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। ইলিশ এ সময় ডিম ছাড়ার জন্য সাগর থেকে নদীতে আসে।
জেলেদের উদ্দেশে ডিসি বলেন, “তাই আবারও বলছি, নিষিদ্ধ সময়ে সবাই মা ইলিশ রক্ষার্থে নদীতে জাল ফেলা থেকে বিরত থাকবেন। সরকারের পক্ষে আপনাদের খাদ্য সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের জন্য উপকরণ দিচ্ছে।”
মতলব উপজেলার ইউএনও একি মিত্র চাকমার সভাপতিত্বে ও জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস সভায় সঞ্চালনা করেন।
এতে আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান, মতলব উত্তর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান, জেলে প্রতিনিধি ফুলচাঁন বর্মন।
সভায় মেঘনা নদী উপকূলীয় এলাকার জেলে, বিভিন্ন পেশা ও রাজনৈতিক দলের ব্যক্তিরা ছিলেন।
